গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ২ লাখ টাকা দাবি, অভিযুক্ত গ্রেপ্তার
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০১ PM

গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ২ লাখ টাকা দাবি, অভিযুক্ত গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৬ ০৬:২৬:০৯ PM

গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ২ লাখ টাকা দাবি, অভিযুক্ত গ্রেপ্তার


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ভয় দেখিয়ে দুই লাখ টাকা দাবির অভিযোগে শাহিন আলী (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তারকৃত শাহিন আলী শ্রীমঙ্গল পৌর শহরের জালালিয়া রোডের বাসিন্দা শুক্কুর আলীর ছেলে।

মঙ্গলবার সকালে তাকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে, সোমবার  দিবাগত রাতে শ্রীমঙ্গল উপজেলার ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, শাহিন আলী তার বাসায় বিভিন্ন পণ্যসামগ্রী বিক্রি করতেন। ভুক্তভোগী গৃহবধূ তার কাছ থেকে নিয়মিত কেনাকাটা করতেন। চলতি বছরের ১১ জানুয়ারি গৃহবধূ শাহিনের কাছ থেকে এক জোড়া জুতা কেনেন। জুতাটি ছোট হওয়ায় তা পরিবর্তনের জন্য ওই দিন তিনি শাহিনের বাসায় যান। সে সময় বাসায় কেউ না থাকার সুযোগে শাহিন জোরপূর্বক গৃহবধূর সঙ্গে আপত্তিকর কাজ করেন এবং গোপনে মোবাইলে তা ভিডিও ধারণ করেন। পরবর্তী সময়ে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গৃহবধূকে দীর্ঘদিন ধরে জিম্মি করে অনৈতিক কাজ করতে বাধ্য করেন শাহিন।

একপর্যায়ে ভুক্তভোগী ভিডিওটি মুছে ফেলার অনুরোধ করলে শাহিন তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে চাপে পড়ে ভুক্তভোগী গৃহবধূ শাহিনকে ৫০ হাজার টাকা দিলেও বাকি টাকার জন্য পুনরায় তার ওপর চাপ দিতে থাকেন। টাকা দিতে অস্বীকার করায় শাহিন ক্ষিপ্ত হয়ে আপত্তিকর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মামলার পরিপ্রেক্ষিতে র‌্যাব-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত শাহিন আলীকে গ্রেপ্তার করা হয়।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর