নবীগঞ্জে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৩৩ AM

নবীগঞ্জে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৭/২০২৬ ১২:১৬:১০ AM

নবীগঞ্জে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে সাপের কামড়ে জোনাকি আক্তার (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত জোনাকি আক্তার নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মানিক মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে চিকিৎসাসেবায় অবহেলার অভিযোগ তুলেছেন শিশুটির স্বজনরা।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের রান্নাঘর থেকে জ্বালানি কাঠ আনতে গেলে একটি বিষধর সাপ জোনাকিকে দংশন করে। এরপর পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে তার পা বেঁধে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। স্বজনদের দাবি, হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষায় সময়ক্ষেপণ করা হয় এবং অ্যান্টিভেনম প্রয়োগের আগেই জোনাকির মৃত্যু হয়।

এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে প্রয়োজনীয় তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্বজনরা। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর