মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার ৫ জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় একজন ভারতীয় গাড়ি চালকও নিহত হয়েছেন। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রোববার কাতারের স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিট আর বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে আল শাহানিয়া শহরের সামাল সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ৫ বাংলাদেশি প্রবাসীর সবাই সিলেটের কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বানি গ্রাম ইউপির গাছবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নিহত প্রবাসীরা হলেন— আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদ।
স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের সূত্রে জানা যায়, দূর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
কাতার প্রবাসী আশিক রানা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিহতদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর নিহতদের পরিবার,স্বজন ও এলাকার মধ্যে শোকের মাতম শুরু হয়েছে।
আজকের সিলেট/এপি









