সার নিয়ে কালোবাজারি হলে কঠোর ব্যবস্থা: মাধবপুরে এমপি ফয়সল
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ PM

সার নিয়ে কালোবাজারি হলে কঠোর ব্যবস্থা: মাধবপুরে এমপি ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৯/২০২৬ ০৬:৩৭:০৯ PM

সার নিয়ে কালোবাজারি হলে কঠোর ব্যবস্থা: মাধবপুরে এমপি ফয়সল


হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস.এম. ফয়সল বলেছেন, দেশে বর্তমানে পর্যাপ্ত সার মজুত রয়েছে। কেউ সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি, কালোবাজারি বা অপরাজনীতির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অনিয়মে দলীয় পরিচয়ের কেউ জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না। রোববার সকালে মাধবপুরে আয়োজিত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষকদের সার পেতে যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান এস.এম. ফয়সল। একই সঙ্গে সার নিয়ে কৃত্রিম সংকট তৈরির যেকোনো চেষ্টা ঠেকাতে নজরদারি বাড়ানোর কথাও বলেন তিনি।

তিনি বলেন, কেউ সার কালোবাজারির সঙ্গে জড়িত হলে তার লাইসেন্স বাতিল করা হবে। দলীয় পরিচয় ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হলেও আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। দলীয় পরিচয় কোনো অন্যায় বা অনিয়মের ঢাল হতে পারে না।

বিএনপিতে চাঁদাবাজি, অন্যায় ও জুলুমের কোনো স্থান নেই বলেও মন্তব্য করেন এস.এম. ফয়সল। তাঁর ভাষায়, দলের পরিচয় ব্যবহার করে কেউ অন্যায়-অনিয়ম করলে তার দায় বিএনপি নেবে না। দলের কেউ অপরাধে জড়ালে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। এ সময় সবাইকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তরুণদের মাদক থেকে দূরে রাখার ওপরও গুরুত্ব দেন সংসদ সদস্য। তিনি বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে ছেলেমেয়েদের সচেতন করা জরুরি। মাদকের কারণে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতির মুখে পড়ছে। তরুণদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি ভিক্ষুকদের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা বলেন। পাশাপাশি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় সরকার সহায়তা দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলাউদ্দিন আল রনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আজিজ, ইউপি চেয়ারম্যান মীর খুর্শেদ আলম, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সহসভাপতি ও চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীসহ স্থানীয় নেতারা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর