ভেটেরিনারি পেশার স্বকীয়তা, মর্যাদা ও অধিকার রক্ষাসহ তিন দফা দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মানববন্ধন করেছেন ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ভেটেরিনারি পেশার মর্যাদা ও অধিকার নিশ্চিত, পেশাগত বৈষম্য দূর এবং ডিভিএম ডিগ্রিধারীদের জন্য নির্ধারিত পদে অন্যায়ভাবে অন্যদের পদায়ন বন্ধের দাবি জানান। এ সময় তাদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এস.এম. মাহবুব বলেন, "বর্তমানে ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের জন্য নির্ধারিত বিভিন্ন পদ ডিপ্লোমাধারীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করা হচ্ছে। এতে যোগ্য ভেটেরিনারিয়ানরা কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি এ বৈষম্যের তীব্র নিন্দা জানিয়ে ভেটেরিনারিয়ানদের জন্য নতুন পদ সৃষ্টি, বিদ্যমান বৈষম্য দূর এবং মাঠপর্যায়ে আরও সুসংগঠিত কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ইউনিয়ন পর্যায় পর্যন্ত নতুন পদ সৃষ্টির উদ্যোগ বাস্তবায়ন করা হলে যোগ্য ভেটেরিনারিয়ানরা দেশসেবার আরও সুযোগ পাবেন। একই সঙ্গে ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের জন্য নির্ধারিত শূন্য পদে কেবল বিএসসি (ডিভিএম) ডিগ্রিধারীদের নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।"
ভেটেরিনারি অনুষদীয় ছাত্র সমিতির সাধারণ সম্পাদক (জিএস) জামিল আহমেদ বলেন, "ভেটেরিনারি খাত ইতোমধ্যে নানা সমস্যায় জর্জরিত। এর মধ্যেই স্বল্পমেয়াদি ডিপ্লোমা কোর্সধারীদের ভেটেরিনারি সেক্টরে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা পেশার মান ও স্বকীয়তার জন্য হুমকি। তিনি এ ধরনের নিয়োগ বন্ধ এবং উপজেলা পর্যায়ে চারজন নিবন্ধিত ভেটেরিনারিয়ান নিয়োগের সংসদে উত্থাপিত প্রস্তাব দ্রুত বাস্তবায়নের দাবি জানান।"
বক্তারা ভেটেরিনারি পেশার স্বকীয়তা ও মর্যাদা রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ন্যায্য পেশাগত অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের অধ্যাপক ড. টিপু সুলতানসহ বিভিন্ন লেভেলের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
সিকৃবি প্রতিনিধি 








