চা দিবসে পুরস্কৃত হচ্ছেন বিশিষ্টজনরা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৯ PM

চা দিবসে পুরস্কৃত হচ্ছেন বিশিষ্টজনরা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৬/২০২৬ ১১:১৮:৩২ AM

চা দিবসে পুরস্কৃত হচ্ছেন বিশিষ্টজনরা


‘চা শিল্পের উন্নতি, সবুজ হোক অর্থনীতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদযাপিত হবে জাতীয় চা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হবে ‘জাতীয় চা পুরস্কার ২০২৬’। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে শ্রীমঙ্গল অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, এনডিসি।

বাংলাদেশ চা বোর্ড জানিয়েছে, প্রতি বছর ২১ মে জাতীয় চা দিবস পালনের সিদ্ধান্ত থাকলেও চলতি বছর আনুষ্ঠানিক আয়োজনটি ২০ জুন অনুষ্ঠিত হচ্ছে। দেশের চা শিল্পের উন্নয়ন, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেবেন খাতসংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন, উদ্যোক্তা ও শ্রমিক প্রতিনিধিরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি থাকবেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মুজিবুর রহমান চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। পরে চা শিল্পবিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় দেশের চা শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং শ্রমিক কল্যাণসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হবে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে দেশের চা শিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ‘জাতীয় চা পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে। একইসঙ্গে এ বছর প্রথমবারের মতো ‘শ্রেষ্ঠ বটলিফ চা কারখানা’ ক্যাটাগরিতেও বিশেষ পুরস্কার দেওয়া হবে। প্রধান অতিথি বিজয়ীদের হাতে ট্রফি ও সনদ তুলে দেবেন।

এ ছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশ চা বোর্ড এবং দেশের শীর্ষস্থানীয় চা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে একটি বিশেষ চা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে চা শিল্পের বিভিন্ন পণ্য ও উদ্ভাবন তুলে ধরা হবে।

বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতে, বর্তমানে দেশে ১৭২টি চা বাগান রয়েছে। পাশাপাশি উত্তরাঞ্চলের সমতল ভূমিতেও চা চাষের বিস্তার ঘটেছে। দেশের অন্যতম সম্ভাবনাময় এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে এবার ষষ্ঠবারের মতো জাতীয় চা দিবস উদযাপন করা হচ্ছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর