স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিলেট বিভাগের বিএনপির সকল ইউনিট ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে দলটির হাইকমান্ড। ঈদের পর থেকেই এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। তৃণমূলে দলকে আরও শক্তিশালী ও কার্যকর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সিলেট জেলা বিএনপির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে বেশ আগেই। মহানগর বিএনপির মেয়াদও শেষের পথে। অন্যদিকে মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা বিএনপি দীর্ঘদিন থেকেই আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে।
দলীয় সূত্রে জানা যায়, সিলেট জেলা বিএনপির বর্তমান সভাপতি ও সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বাধীন কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। ফলে অচিরেই এ কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হতে পারে। এতে একজন আহবায়ক, একাধিক যুগ্ন আহবায়ক, ১ জন সদস্য সচিব সহ বেশ কয়েকজন সদস্য থাকতে পারেন।
জেলা বিএনপির সম্ভাব্য আহ্বায়ক হিসেবে আলোচনায় রয়েছেন ৪ নেতা। তারা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্পবিষয়ক সহ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির বর্তমান সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও জেলা বিএনপির অন্যতম সদস্য ফয়সল আহমদ চৌধুরী।
আর সদস্য সচিব পদে জোর আলোচনায় রয়েছেন ৪ জন। তারা হলেন সিলেট জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, যুগ্ন আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। সদস্য সচিবের দৌড়ে এই চারজন নেতার নাম জোর আলোচনায় রয়েছে। আর এই চারজনের মধ্যে অনেকটাই এগিয়ে রয়েছেন জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।
এর মধ্যে শামীম আহমদ বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামে স্বস্ত্রীক রাজপথে ছিলেন। তার স্ত্রী তাহসিন শারমিন তামান্না জেলা মহিলা দলের সভাপতি ও গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বোন। তামান্না সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আন্দোলন-সংগ্রামে শামীম পরিবারের অবদান সর্বজন স্বীকৃত।
অন্যদিকে, আব্দুল আহাদ খান জামালও ফ্যাসিবাদ বিরোধী বিরোধী আন্দোলনে স্বেচ্ছাসেবক দলকে সংগঠিত করে রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন। বিগত দিনের কর্মতৎপরতা দিয়ে এখন পর্যন্ত তারা এগিয়ে রয়েছেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, আগামী ডিসেম্বরে বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হতে পারে। তার আগে জেলা ও মহানগর কমিটিগুলোর পুনর্গঠন সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। যেসব জেলায় আহ্বায়ক কমিটি রয়েছে, সেখানে দ্রুত সম্মেলন ও কাউন্সিল আয়োজনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সিলেট জেলা ও মহানগর বিএনপিকেও নতুনভাবে সাজানোর চিন্তা করছে কেন্দ্র।
আজকের সিলেট/এপি/এসটি









