যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৪
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:৩১ PM

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২/০৫/২০২৬ ১০:০৪:৪৬ AM

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৪


যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। বৃহস্পতিবারও অন্তত ৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৯ জন। অভিযানের পাশাপাশি নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাটের ও ভবন গুঁড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহকে সহায়তার অভিযোগে লেবাননের ৯ ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

লেবাননের দক্ষিণাঞ্চলে দিন দিন বেড়েই চলেছে ইসরাইলি আগ্রাসন। হামলার লক্ষ্যবস্তু থেকে বাদ যাচ্ছে না হাসপাতাল, এতিমখানা থেকে শুরু করে বেসামরিক স্থাপনাও। স্থানীয় সময় বৃহস্পতিবারও দেশটির তেবনিন শহরে একটি হাসপাতালের পাশে দখলদাররা বিমান হামলা চালালে হতাহত হন কয়েকজন। এছাড়া শাওকিন শহরে এতিমখানার আশপাশে গোলাবর্ষণের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মার্চের পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ১৬টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসাকর্মীসহ নিহত হয়েছেন অন্তত ১১৬ জন।

ইসরাইলি হামলার পাশাপাশি সামনে এসেছে অঞ্চলটিতে লুটপাট ও ধ্বংসযজ্ঞের তথ্য। ইসরাইলি দৈনিক হারেৎজে প্রকাশিত এক প্রতিবেদনে দক্ষিণ লেবাননে চালানো অভিযানে নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে ব্যাপক লুটপাটের অভিযোগ আনা হয়েছে। পাঁচ সেনার সাক্ষ্যের ভিত্তিতে ওই প্রতিবেদনে কারণ ছাড়াই স্কুল, ক্লিনিক ও বেসামরিক স্থাপনা গুঁড়িয়ে দেয়ার অভিযোগও উঠে এসেছে।

এদিকে, দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে আবারও ড্রোন হামলার দাবি করেছে হিজবুল্লাহ। নাকুরা, তাইর হারফা ও দিবিল এলাকায় হামলার কথা জানিয়েছে গোষ্ঠীটি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি তারা।

এ অবস্থায় সব পক্ষকে যুদ্ধবিরতি চুক্তি এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

এমন পরিস্থিতির মধ্যে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লেবাননের ৯ ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তালিকায় হিজবুল্লাহর কয়েকজন সংসদ সদস্য, আমাল আন্দোলনের নেতা এবং লেবাননের দুই সামরিক কর্মকর্তাও রয়েছেন। একইসঙ্গে সশস্ত্র সংগঠনটির অর্থায়ন বন্ধে তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণাও করেছে ওয়াশিংটন।

চলমান সংঘাতের প্রভাবে গভীর অর্থনৈতিক সংকটেও পড়েছে লেবানন। চলতি বছর অর্থনীতি ৭ থেকে ১০ শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী ইয়াসিন জাবের।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর