বিশ্ব বাজারে আবার বাড়ল জ্বালানি তেলের দাম
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৬ AM

বিশ্ব বাজারে আবার বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১/০৫/২০২৬ ০৯:৪৮:১৯ AM

বিশ্ব বাজারে আবার বাড়ল জ্বালানি তেলের দাম


ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে টানা দুই দিনের পতনের পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। খবর আল জাজিরা’র।

বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ৫৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৮১ সেন্ট বা ০.৭৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫.৮৩ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৯৭ সেন্ট বা ০.৯৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৯.২৩ ডলারে লেনদেন হয়।

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধবিরতি নিয়ে এখনো অনিশ্চয়তা থাকায় বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ায় সরবরাহ সংকট নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি বিবেচনা করা হবে না। ইরান ইস্যুতে চলমান আলোচনার মধ্যেই হোয়াইট হাউসের এমন কঠোর অবস্থান আন্তর্জাতিক বাজারে নতুন করে প্রভাব ফেলেছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এ বিষয়ে কোনো তড়িঘড়ি সিদ্ধান্তে যেতে তিনি রাজি নন। প্রয়োজনে আরও কয়েক দিন কিংবা তারও বেশি সময় অপেক্ষা করতে প্রস্তুত রয়েছেন তিনি।

বিশ্ববাজারে তেলের দামের এই ঊর্ধ্বগতির প্রভাব আন্তর্জাতিক বাণিজ্য, পরিবহন খাত এবং জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর অর্থনীতিতে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর