দোরিয়েলতন ম্যাজিকে মোহামেডান বধ, কিংসের ‘ট্রেবল’ জয়
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৪ AM

দোরিয়েলতন ম্যাজিকে মোহামেডান বধ, কিংসের ‘ট্রেবল’ জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১/০৫/২০২৬ ০৯:৪৪:৩৬ AM

দোরিয়েলতন ম্যাজিকে মোহামেডান বধ, কিংসের ‘ট্রেবল’ জয়


ফেডারেশন কাপের ফাইনালের ভেন্যু নিয়ে মাঠের বাইরে কম নাটকীয়তা হয়নি। মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপত্তির পর ম্যাচ একদিন পেছালেও শেষ পর্যন্ত নির্ধারিত সেই ভেন্যুতেই গড়ায় শিরোপা নির্ধারণী লড়াই। তবে মাঠের বাইরের উত্তাপ মোহামেডান টেনে এনেছিল মাঠের খেলায়ও। প্রথমার্ধে হাই-প্রেসিং ফুটবলে বসুন্ধরা কিংসকে রীতিমতো কোণঠাসা করে ফেলেছিল সাদা-কালো শিবির।

কিন্তু দ্বিতীয়ার্ধে দোরিয়েলতন গোমেস নাসিমেন্তোর অতিমানবীয় পারফরম্যান্সের কাছে শেষ পর্যন্ত হার মানতে হলো তাদের। বুধবার (২০ মে) রুদ্ধশ্বাস ফাইনালে মোহামেডানকে ৩-২ গোলে হারিয়ে পঞ্চম বারের মতো ফেডারেশন কাপের মুকুট মাথায় পরেছে বসুন্ধরা কিংস। এই জয়ে ইতিহাস গড়ে ঘরোয়া ফুটবলের ‘ট্রেবল’ পূর্ণ করল বর্তমান চ্যাম্পিয়নরা।

চলতি মৌসুমটা বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ক্লাবটির জন্য স্বপ্নের মতো। বছরের শুরুতে এই মোহামেডানকে হারিয়েই ‘চ্যালেঞ্জ কাপ ২.০’ জিতেছিল তারা। এরপর ঢাকা আবাহনীকে পেছনে ফেলে এক ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করে কিংস। আর এবার ফেডারেশন কাপ জয়ের মাধ্যমে দেশের ফুটবলের তিনটি বড় শিরোপাই নিজেদের শোকেসে তুলল দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মোহামেডান। ফলও আসে দ্রুত। পঞ্চম মিনিটে বক্সের সামান্য বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক ফ্রি-কিক জালে জড়ান মোজাফফরভ। গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর আইকনিক উদযাপনে গ্যালারি মাতান এই মিডফিল্ডার। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা।

পরের মিনিটেই মোহামেডানের বক্সে ঢুকে পড়া স্যামুয়েল রাকসামকে ফাউল করে বসেন শাকিল আহাদ তপু। রেফারি সরাসরি পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে গোল করে কিংসকে ১-১ সমতায় ফেরান দোরিয়েলতন।

ম্যাচের ২২তম মিনিটে পুনরায় এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল সাদা-কালোরা। বক্সে কিংসের অধিনায়ক তপুর ফাউলের শিকার হন সাইফুল, ফলে পেনাল্টি পায় মোহামেডান। কিন্তু প্রথম গোলদাতা মোজাফফরভের নেওয়া শট ডানদিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্তভাবে রুখে দেন কিংসের গোলরক্ষক শ্রাবণ।

পেনাল্টি মিস করলেও দমে যায়নি মোহামেডান। ৩৫তম মিনিটে নিজেদের অর্ধ থেকে আসা এলি কেকের লং বল নিয়ন্ত্রণে নেন জাহিদ শান্ত। তার নিখুঁত কাটব্যাক থেকে আসা বলে দারুণ প্লেসিং শটে স্কোরলাইন ২-১ করেন সৌরভ দেওয়ান। এই টুর্নামেন্টে এটি ছিল তার সপ্তম গোল। বিরতির ঠিক আগে দোরিয়েলতনের একটি হেড ক্রসবারে লেগে ফিরে আসলে পিছিয়ে থেকেই ড্রেসিংরুমে যেতে হয় কিংসকে।

বিরতির পর যেন ভিন্ন এক বসুন্ধরা কিংস মাঠে নামে। বিশেষ করে ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতনকে আনমার্ক রাখার চড়া মাশুল গুনতে হয় মোহামেডানকে। ৫১তম মিনিটে রাকিবের ডিফেন্সচেরা এক পাস থেকে এলি কেকে-কে বোকা বানিয়ে নিচু শটে বল জালে জড়ান দোরিয়েলতন। স্কোরলাইন দাঁড়ায় ২-২।

এরপর ম্যাচের ৭৪তম মিনিটে নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করে মোহামেডান। ফাহিমের ক্রসে ফাঁকায় বল পেয়েও পা ছোঁয়াতে ব্যর্থ হন জাতীয় দলের উইঙ্গার শাহরিয়ার ইমন। এই ভুলের শাস্তি মোহামেডান পায় ৫ মিনিট পরই।

৭৯তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে কিংসকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন সেই দোরিয়েলতন। গোলের আনন্দে জার্সি খুলে উদযাপন করায় তাকে হলুদ কার্ড দেখতে হয়। এই গোলের মাধ্যমে এবারের আসরে নিজের গোলসংখ্যা ১২-তে নিয়ে যান তিনি, যা টুর্নামেন্টের সর্বোচ্চ। ম্যাচের বাকি সময়ে মোহামেডান মরিয়া হয়ে চেষ্টা করলেও কিংসের রক্ষণভাগ আর ভাঙতে পারেনি। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ট্রেবল জয়ের বুনো উল্লাসে মাতে বসুন্ধরা কিংস।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর