২০০৯ সালে নাইজেরিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জয়ের দুই নায়ক রিকার্ডো রদ্রিগেজ ও গ্রানিট জাকা। ১৭ বছর আগের সেই সাফল্যের সারথীদের নিয়ে সেরা দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে চায় সুইশরা। এই দুজনকে চতুর্থবার সিনিয়র দলের হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ দিলো সুইজারল্যান্ড। তাদের সঙ্গে মানুয়েল আকাঞ্জি, ব্রিল এমবোলো, গ্রেগর কোবেল ও ডেনিস জাকারিয়াকে রেখে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ মুরাত ইয়াকিন।
ইউরোপা লিগের ফাইনালে ওঠা ফ্রেইবুর্গের হয়ে দারুণ পারফরম্যান্স করা জোহান মানজাম্বি এই স্কোয়াডের সর্বকনিষ্ঠ সদস্য। গোলকিপার মার্ভিন কেলার দলের একমাত্র নতুন মুখ।
গত তিন আসরে সুইজারল্যান্ড গ্রুপ পর্ব পার করেছে। কিন্তু তিনবারই শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে। বিশ্বকাপে তাদের সেরা সাফল্য কোয়ার্টার ফাইনাল, যেখানে তারা শেষবার খেলেছিল ১৯৫৪ সালে।
আগামী ১৩ জুন কাতারের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে সুইজারল্যান্ড। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিন ও কানাডার সঙ্গে পরের দুটি ম্যাচ ১৭ ও ২৪ জুন।
সুইজারল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: গ্রেগর কোবেল, মার্ভিন কেলার, ইভন এমভোগো।
ডিফেন্ডার: মানুয়েল আকাঞ্জি, অরেল আমেন্দা, এরে কোমার্ট, নিকো এলভেডি, লুকা জাকুয়েজ, মিরো মুহেইম, রিকার্দো রদ্রিগেজ, সিলভান ভিডমার।
মিডফিল্ডার: মিশেল এবিশার, ক্রিস্টিয়ান ফাসনাক্ট, রেমো ফ্রয়লার, সেড্রিক ইত্তেন, আরডন জাশারি, ফ্যাবিয়ান রিডার, জিব্রিল সো, গ্রানিট জাকা, ডেনিস জাকারিয়া।
ফরোয়ার্ড: জেকি আমদুনি, ব্রিল এমবোলো, জোহান মানজাম্বি, ড্যান এনডয়, নোয়া ওকাফোর এবং রুবেন ভারগাস।
আজকের সিলেট/এপি
ক্রীড়া ডেস্ক 








