শাবিতে শিক্ষার্থীদের হলছাড়া করার অভিযোগ তদন্তে কমিটি গঠন
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:১৪ PM

শাবিতে শিক্ষার্থীদের হলছাড়া করার অভিযোগ তদন্তে কমিটি গঠন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২/০৫/২০২৬ ০৬:২০:৩৪ PM

শাবিতে শিক্ষার্থীদের হলছাড়া করার অভিযোগ তদন্তে কমিটি গঠন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে শিক্ষার্থীদের ‘জোরপূর্বক’ বের করে দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরীকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করেছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মোখলেসুর রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, শাহপরান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইফতেখার আহমদ এবং ফাহিমা-তুজ-জাহরা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইসমত আরা।

এর আগে ৭ মে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা ২০২৪ সালের ২৬ অগাস্ট আবাসিক হল থেকে শিক্ষার্থীদের জোরপূর্বক বের করে দেওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। একই সঙ্গে তারা ৪৮ কর্মঘণ্টার মধ্যে প্রশাসনের কাছে তদন্ত কমিটি গঠনের দাবি জানান।

ওইদিনের ঘটনাকে শাবির ইতিহাসের কলঙ্কময় অধ্যায় আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মুস্তাকিম বিল্লাহ বলেন, “ওইদিন ২৬ অগাস্ট এলাকাবাসী নামে একটা নির্দিষ্ট পার্টি হলে অবস্থানরত শিক্ষার্থীদের ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে শাহপরান হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বর্তমানে বিজয়-২৪ হল) হল থেকে বের করে দেয়।

“এভাবে ছাত্রলীগ ট্যাগ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের বের দেওয়ার ঘটনা ওইদিনের নিষ্ঠুর, নির্মমতার কথা স্মরণ করিয়ে দেয়। দীর্ঘ সময় ধরে আমরা এটার বিচারেরর দাবি জানিয়ে আসছিলাম। আমরা চাই এটার সুষ্ঠু তদন্ত হোক।”


শাবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, “শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়ার দিনটা আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একটা কালো অধ্যায়। এভাবে কোনো পক্ষ এলাকাবাসী নিয়ে শিক্ষার্থীদের বের করে দিতে পারে না।

“ওইদিনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া শিক্ষার্থীদের প্রাণের দাবি।”

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী বলেন, “এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। আমি চিঠি হাতে পেয়েছি।”

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর