টেবিল টেনিসের শতবর্ষে নবীন-প্রবীণ মেলবন্ধন
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ PM

টেবিল টেনিসের শতবর্ষে নবীন-প্রবীণ মেলবন্ধন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৪/০৪/২০২৬ ১১:১৪:১৯ AM

টেবিল টেনিসের শতবর্ষে নবীন-প্রবীণ মেলবন্ধন


বিশ্ব টেবিল টেনিসের শতবর্ষ পূর্তির দিনটি বাংলাদেশে উদযাপিত হলো এক ভিন্ন আবহে। একদিকে স্বাধীনতা পদকপ্রাপ্ত কিংবদন্তি খেলোয়াড় জোবেরা রহমান লিনুকে সংবর্ধনা, অন্যদিকে সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে পদকজয়ী তরুণদের সম্মাননা—সব মিলিয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়াম পরিণত হয় দুই প্রজন্মের এক অনন্য মিলনমেলায়। কিংবদন্তিকে সামনে থেকে দেখে অনুপ্রেরণা নেওয়ার দুর্লভ সুযোগ পায় সদ্য পদকজয়ী তরুণ খেলোয়াড়রা।

ভারতের শিমলায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইয়ুথ আসরে পদকজয়ীদের হাতে আর্থিক পুরস্কার তুলে দেন জোবেরা রহমান লিনু। এরপর নবীনদের উদ্দেশে নিজের জীবনের গল্প তুলে ধরেন ১৬ বারের এই জাতীয় চ্যাম্পিয়ন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো এই কিংবদন্তি জানান, তার সাফল্যের পথ মোটেও মসৃণ ছিল না।

চট্টগ্রামের কাপ্তাইয়ে শৈশব কাটানো লিনুর টেবিল টেনিসে হাতেখড়ি মাত্র ৯ বছর বয়সে। যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন দেশে হাফপ্যান্ট পরে মেয়েদের খেলাধুলা করা তখনো সমাজে সহজভাবে গ্রহণযোগ্য ছিল না।

তবে সরকারি প্রকৌশলী বাবা শেখ আবদুর রহমানের প্রগতিশীল দৃষ্টিভঙ্গি ও অকুণ্ঠ সমর্থন লিনু এবং তার বড় বোন মনিরা মোর্শেদ হেলেনকে এগিয়ে যেতে সাহায্য করে। তরুণদের প্রতি তার মূল বার্তা—জীবনে বড় কিছু অর্জন করতে হলে শৃঙ্খলার বিকল্প নেই, এবং সাফল্যের কোনো শর্টকাট নেই।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন সম্প্রতি থাইল্যান্ডের পর একজন জাপানি কোচ নিয়োগ দিয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে এই কোচের উপস্থিতিতে লিনু ১৯৮০ সালে ভারতের কলকাতায় অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপের একটি স্মৃতি তুলে ধরেন।

সেবার সেমিফাইনালে এক জাপানি খেলোয়াড় লিনুর বিপক্ষে দুই সেটে পিছিয়ে পড়ার পরও কেবল কোচের পরামর্শে কোর্টে ফিরে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। লিনু আক্ষেপ করে বলেন, সে সময় তার কোনো কোচ ছিল না। বর্তমানে দেশে বিদেশি কোচ থাকলেও এশীয় পর্যায়ে বাংলাদেশের পদক না আসায় তিনি হতাশা প্রকাশ করেন। তবে নতুন জাপানি কোচকে স্বাগত জানিয়ে এই কিংবদন্তি আশা প্রকাশ করেন, তার হাত ধরে বাংলাদেশের টেবিল টেনিসে নতুন সাফল্যের সূচনা হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশের টেবিল টেনিসের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখাও উঠে আসে। আসন্ন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে টেবিল টেনিসকে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান লিনু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম। তার কাছে টেবিল টেনিসের বয়সভিত্তিক খেলোয়াড়দের জন্য সরকারি ক্রীড়া ভাতা ও স্পোর্টস কার্ড চালুর দাবি জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এএম মাকসুদ আহমেদ সনেট।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর