বিশ্বকাপের সেরা একাদশে ভারতের আধিপত্য
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫১ PM

বিশ্বকাপের সেরা একাদশে ভারতের আধিপত্য

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০/০৩/২০২৬ ১১:০০:৩৭ AM

বিশ্বকাপের সেরা একাদশে ভারতের আধিপত্য


টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর টুর্নামেন্টের পারফরম্যান্সের ভিত্তিতে সেরা একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ঘোষিত দলে সবচেয়ে বেশি জায়গা পেয়েছে চ্যাম্পিয়ন ভারত। দলটি থেকে জায়গা পেয়েছেন জসপ্রিত বুমরাহ, সঞ্জু স্যামসন, ইশান কিশান ও হার্দিক পান্ডিয়া।

অন্যদিকে রানার্সআপ নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটার জায়গা পাননি এই দলে। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা থেকে দুইজন করে এবং পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে থেকে একজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন সেরা একাদশে।

দলের ওপেনিংয়ে রাখা হয়েছে পাকিস্তানের সাহিবজাদা ফারহান ও ভারতের সঞ্জু স্যামসনকে। ফারহান টুর্নামেন্টে ইতিহাস গড়ে দুটি সেঞ্চুরি করেন এবং এক আসরে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েন। ছয় ইনিংসে ১৬০-এর বেশি স্ট্রাইক রেট ও ৭৬.৬০ গড়ে তিনি করেন ৩৮৩ রান।

টুর্নামেন্টসেরা হওয়া স্যামসনও ছিলেন দুর্দান্ত ছন্দে। পাঁচ ইনিংসে প্রায় ২০০ স্ট্রাইক রেটে ৩২১ রান করেন তিনি। তার তিনটি অর্ধশতকই আসে শেষ তিন ম্যাচে, যেখানে ভারতের জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখেন এই উইকেটকিপার ব্যাটার। তিন নম্বরে আছেন ভারতের ইশান কিশান। পুরো আসরে ১৯৩.২৯ স্ট্রাইক রেটে ৩১৭ রান করেন তিনি। তার ব্যাট থেকেও আসে তিনটি ফিফটি।

অলরাউন্ড পারফরম্যান্সের জন্য দলে জায়গা পেয়েছেন হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে দুটি অর্ধশতক করার পাশাপাশি বল হাতে নেন ৯ উইকেট। ফাইনালের সেরা খেলোয়াড় জসপ্রিত বুমরাহ পুরো টুর্নামেন্টজুড়েই ছিলেন দুর্দান্ত। আট ম্যাচে ১৪ উইকেট নিয়ে তিনি যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারী হন। ফাইনালে মাত্র ১৫ রান দিয়ে চার উইকেট নেন এই পেসার। পুরো আসরে তার ইকোনমি ছিল মাত্র ৬.২১।

দক্ষিণ আফ্রিকা থেকে জায়গা পেয়েছেন অধিনায়ক এইডেন মার্করাম ও পেসার লুঙ্গি এনগিডি। মার্করাম তিনটি অর্ধশতকে ২৮৬ রান করেন, আর এনগিডি ১৫.৫৮ গড়ে নেন ১২ উইকেট।

ইংল্যান্ডের হয়ে দলে জায়গা পেয়েছেন উইল জ্যাকস ও আদিল রশিদ। জ্যাকস ব্যাট ও বল, দুই বিভাগেই গুরুত্বপূর্ণ অবদান রেখে চারবার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। লেগ স্পিনার রশিদ ১৪.১৫ গড়ে নেন ১৩ উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার অলরাউন্ড পারফরম্যান্সের জন্য দলে জায়গা পেয়েছেন। জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিও জায়গা করে নিয়েছেন একাদশে।

এই দলের দ্বাদশ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের শাডলি ফন স্কল্কভাইককে। চার ইনিংসে ৭.৭৬ গড়ে তিনি নেন ১৩ উইকেট এবং ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৮০ করে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ
সাহিবজাদা ফারহান, সঞ্জু স্যামসন, ইশান কিষান, এইডেন মার্করাম, হার্দিক পান্ডিয়া, উইল জ্যাকস, জেসন হোল্ডার, জাসপ্রিত বুমরাহ, লুঙ্গি এনগিডি, আদিল রাশিদ ও ব্লেসিং মুজারাবানি।

দ্বাদশ খেলোয়াড়
শাডলি ফন স্কল্কভাইক।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর