ইন্টারকে স্তব্ধ করে শেষ ষোলোয় বোদো/গ্লিমট
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫২ PM

ইন্টারকে স্তব্ধ করে শেষ ষোলোয় বোদো/গ্লিমট

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৫/০২/২০২৬ ১২:৩১:৫০ PM

ইন্টারকে স্তব্ধ করে শেষ ষোলোয় বোদো/গ্লিমট


ইউরোপের মঞ্চে রূপকথা লিখেই চলেছে নরওয়ের ছোট্ট ক্লাব বোদো/গ্লিমট। এবার তাদের শিকার ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। সান সিরোতে ২-১ গোলের জয়ে দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ের এই দল।

আর্কটিক সার্কেলের শহর বোদোতে প্রথম লেগে ৩-১ ব্যবধানে জয়ের পর মিলানে এসেও আত্মবিশ্বাসী ছিল তারা।
তবে শুরুটা ছিল স্বাগতিক ইন্টারের দাপটে। ম্যাচের তৃতীয় মিনিটেই ফেদেরিকো দিমারকোর ক্রসে পিও এসপোসিতোর হেড অল্পের জন্য বাইরে যায়। দিমারকোর আরেকটি জোরালো শট দারুণভাবে বার ঘুরিয়ে দেন গোলরক্ষক নিকিতা হাইকিন। দূরপাল্লার শটে চেষ্টা করেছিলেন মার্কুস তুরামও, কিন্তু সাফল্য মেলেনি।

আক্রমণে এগিয়ে থাকলেও ইন্টারের খেলায় ধার ছিল না। উইং দিয়ে ক্রসের পর ক্রস তুলেও বোদো/গ্লিমটের রক্ষণ ভাঙতে পারেনি তারা। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অতিথিরা।

৫৮তম মিনিটে ম্যাচে বড় ধাক্কা খায় ইন্টার। ম্যানুয়েল আকানজির ভুল পাস থেকে সুযোগ পায় বোদো/গ্লিমট। প্রথম শট ঠেকালেও ফেরত বল পেয়ে জেন্স পেটার হাউগ জালে পাঠান বল। তার চ্যাম্পিয়ন্স লিগে এটি ষষ্ঠ গোল। গোলের পর প্রায় তিন হাজার সমর্থকের উল্লাসে স্তব্ধ হয়ে যায় সান সিরো।

দশ মিনিট পর আকানজির শট পোস্টে লেগে ফিরে আসে। কিন্তু ৭২তম মিনিটে সব আশা শেষ হয়ে যায় ইন্টারের। হাউগের নিখুঁত পাস ধরে বক্সে ঢুকে হাকন এভজেন জোরালো শটে ব্যবধান বাড়ান। এরপর আলেসান্দ্রো বাস্তোনি একটি গোল শোধ করলেও তাতে ফল বদলায়নি। ঘুরে দাঁড়ানোর স্বপ্ন অপূর্ণই থেকে যায় ইতালিয়ান ক্লাবটির।

মিলানের বিশাল সান সিরো স্টেডিয়ামে দর্শক ছিল বোদো শহরের মোট জনসংখ্যার চেয়েও বেশি। তবু রাতটা ছিল নরওয়ের ছোট্ট ক্লাবটির। গত ছয় মৌসুমে চারবার নরওয়ের লিগ জেতা দলটি এবার ইউরোপেও নিজেদের শক্তির জানান দিল।

শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ হবে ম্যানচেস্টার সিটি অথবা স্পোর্টিং লিসবন। 

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর