সিলেটের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ লাখ ৭০ হাজার ৩শ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পণ্যের চালান ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। রবিবার সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, প্রতাপপুর, সংগ্রাম ও সোনারহাট বিওপির সদস্যরা পৃথকভাবে অভিযান চালান। এ সময় ভারতীয় প্রসাধনী, জিরা, বাসমতি চাল, গাড়ির টায়ার, কম্বল, গরু, চকলেট, ফল, সুপারি ও নারিকেলসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা জব্দ করা পণ্য ফেলে পালিয়ে যায়। ফলে এসব পণ্যের সঙ্গে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আজকের সিলেট/ জেকেএস









