সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় দক্ষিণপাড়া গ্রামে শুক্রবার ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন এক কাঠমিস্ত্রি পরিবার। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে ৫০ বছর বয়সী নিশিকান্ত দাসের একমাত্র বসতঘর। আগুনে তার ঘরে থাকা ধান-চাল, আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়।
এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল প্রায় পৌনে তিনটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী ছুটে এসে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। প্রায় দেড় ঘণ্টা পর, বিকেল সাড়ে চারটার দিকে তারা আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষণে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য বাবুল মিয়া বলেন, আগুনে ওই পরিবারের সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। তারা এখন চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। সরকারি সহায়তা খুবই জরুরি।
এ বিষয়ে ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সরকারি সহায়তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
আজকের সিলেট/এপি
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি 








