৪৫ দিন ধরে নিখোঁজ জেলিন, পুলিশের তৎপরতা নিয়ে পরিবারের প্রশ্ন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৪ AM

মৃত্যু, অপহরণ নাকি অন্য কিছু

৪৫ দিন ধরে নিখোঁজ জেলিন, পুলিশের তৎপরতা নিয়ে পরিবারের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০৮/২০২৬ ১০:৩৬:০০ AM

৪৫ দিন ধরে নিখোঁজ জেলিন, পুলিশের তৎপরতা নিয়ে পরিবারের প্রশ্ন


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিন নিখোঁজ হওয়ার ৪৫ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে অনুসন্ধান এবং পুলিশের একাধিক তৎপরতার পরও এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

গত ৮ জুলাই সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের বিমানবন্দর আবাসিক এলাকার জি-টাইপ কোয়ার্টার থেকে নিখোঁজ হন জেলিন। এরপর পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হলেও তার সন্ধান মেলেনি। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় স্বজনদের উদ্বেগও ক্রমেই বাড়ছে।

জেলিনের নিখোঁজের পর করা সাধারণ ডায়েরিতে (জিডি) নিখোঁজ হওয়ার সময় উল্লেখের বিষয়টি নিয়েও শুরু থেকেই প্রশ্ন তুলেছে তার পরিবার। তাদের অভিযোগ, সময়ের তথ্য নিয়ে গোপনীয়তা রাখা হয়েছে। একই সঙ্গে ৪৫ দিনেও কোনো অগ্রগতি না থাকায় পুলিশের তদন্ত ও তৎপরতার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে।

জেলিনের মামা আবুল কালাম আজাদ বলেন, ‘সে যদি মারাও যায়, বা কেউ তাকে মেরেও ফেলে, লাশটা এতদিন থাকার কথা না। লাশটা তো পাওয়ার কথা। কিছু একটা বলা যাবে তো। কেউ যদি তাকে কিডন্যাপ করে থাকে, মুক্তিপণ দাবি করে থাকে, তাও তো করল না।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘মানুষটা কি হারিয়ে যাবে?’

পরিবারের ভাষ্য, জেলিন নিখোঁজ হওয়ার পর থেকে তার সন্ধানে সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ ও খোঁজখবর নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য তাদের হাতে আসেনি। সময় যত গড়াচ্ছে, ততই নিখোঁজের ঘটনাটি নিয়ে স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। পুলিশের সব শাখা নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সব ধরনের অপারেশন পরিচালনা করছে।’

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জেলিনকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখা কাজ করছে। সম্ভাব্য সব দিক বিবেচনায় রেখেই অনুসন্ধান চালানো হচ্ছে। তবে ৪৫ দিনেও কোনো সন্ধান না পাওয়ায় পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলছে পরিবার।

অন্যদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জেলিন নিখোঁজ হওয়ার পর নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের গাফিলতি হয়নি বলেও দাবি করা হয়েছে।

জেলিনের নিখোঁজের ৪৫ দিন পার হলেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য না মেলায় ঘটনাটির রহস্য আরও ঘনীভূত হয়েছে। পরিবারের অভিযোগ ও উদ্বেগের বিপরীতে পুলিশ সর্বাত্মক অনুসন্ধানের কথা বললেও এখনো নিখোঁজ কর্মকর্তার সন্ধান না মেলায় নানা প্রশ্ন থেকেই যাচ্ছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর