পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের গুলনী চা-বাগানে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চা শ্রমিকরা। ন্যায্য মজুরি, ভূমির অধিকার, ইনক্রিমেন্ট বাতিল ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
বুধবার সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত গুলনী চা-বাগানের পঞ্চায়েত সভাপতি শ্রী মৃত্যুঞ্জয় কর্মীর সভাপতিত্বে ও যুবনেতা শ্রী লিটেন সাঁওতালের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে বাগানের সর্দার সহদেব কুর্মী, মঙ্গল মুন্ডা, লক্ষ্মণ মুন্ডা, প্রভাস কুর্মী, রবিলাল ভুঁইয়াসহ শ্রমিকরা অংশ নেন।
এ সময় নারী শ্রমিকদের মধ্যে বিরতি ভুমিজ, মুটুকমনি কুর্মী, দুর্গামনি কর্মী, সুমিত্রা ভুইয়াসহ অনেকে উপস্থিত ছিলেন। নারী-পুরুষ শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি বিক্ষোভে রূপ নেয়।
আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ ও তা বাস্তবায়ন; শ্রমিকদের মৌলিক ও ভূমির অধিকার নিশ্চিত করা, বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং দীর্ঘদিনের অচলাবস্থা দূর করে চা শ্রমিক ইউনিয়নের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরি দিয়ে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা বিভিন্ন ধরনের বঞ্চনা ও বৈষম্যের শিকার। তাই ন্যায্য মজুরি ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ দাবি করেন তাঁরা।
প্রায় দুই ঘণ্টা ধরে চলা কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা তাঁদের দাবি বাস্তবায়নের জন্য জোর দাবি জানান। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
গোয়াইনঘাট প্রতিনিধি 








