গর্ত-কাদা আর ভাঙাচোরা সড়ক, নবীগঞ্জে দুর্ভোগে কয়েক হাজার মানুষ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪১ AM

গর্ত-কাদা আর ভাঙাচোরা সড়ক, নবীগঞ্জে দুর্ভোগে কয়েক হাজার মানুষ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৮/২০২৬ ১০:১৯:১৭ AM

গর্ত-কাদা আর ভাঙাচোরা সড়ক, নবীগঞ্জে দুর্ভোগে কয়েক হাজার মানুষ


নির্বাচন সামনে এলেই প্রতিশ্রুতি আর উন্নয়নের আশ্বাসে সরব হয়ে ওঠেন জনপ্রতিনিধিরা। কিন্তু ভোট শেষ হওয়ার পর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন আর দেখা যায় না, এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ‘ভরপুর হতে বাঁশডর’ সড়কটি যেন বছরের পর বছর ধরে এমন আশ্বাসেরই সাক্ষী হয়ে আছে।

৫-৬টি এলাকার কয়েক হাজার মানুষের চলাচলের প্রধান এই সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন বেহাল। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত, উঠে যাওয়া ইটের খোয়া এবং বৃষ্টির পানি-কাদায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয়দের ভাষায়, গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন পরিণত হয়েছে মরণফাঁদে।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই সড়কটির দুরবস্থা আরও প্রকট আকার ধারণ করে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হয়। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলেও অভিযোগ তাদের।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের পিচ ও ইটের খোয়া উঠে গিয়ে বিভিন্ন স্থানে গভীর গর্ত তৈরি হয়েছে। এসব গর্তের কারণে প্রায়ই পথচারী ও যানবাহন দুর্ঘটনার শিকার হন। বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ সবচেয়ে বেশি। জনসাধারণের স্বার্থে দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, নির্বাচন ঘনিয়ে এলেই প্রার্থীদের আনাগোনা বেড়ে যায়। ভোটের আগে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও নির্বাচনের পর ওই সড়কের খোঁজ নেওয়ার মতো কাউকে পাওয়া যায় না।

সমাজসেবক আবুল কাসেম তালুকদার বলেন, বাঁশডরসহ আশপাশের ৫-৬টি এলাকার মানুষের চলাচলের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে গর্ত তৈরি হওয়ায় এটি মানুষের ব্যবহারের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত সংস্কারের জন্য স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

স্থানীয় যুবক আকরাম বলেন, এই সড়ক দিয়ে গাড়িতে চলাচল করা এখন অনেকটাই দুঃসাধ্য। এমনকি হেঁটেও স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। সড়কের দুরবস্থার কারণে বাইরের অতিথি, আত্মীয়স্বজন ও বন্ধুরাও এলাকায় আসতে আগ্রহ হারিয়ে ফেলেন বলে জানান তিনি।

বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুর রহমান শিশু বলেন, সড়কটি সংস্কারের বিষয়ে উপজেলা পরিষদে একাধিকবার আলোচনা করা হয়েছে। এরই মধ্যে প্রাক্কলনও পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কারকাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নবীগঞ্জ উপজেলা প্রকৌশলী সাব্বির আহমেদ জানান, ‘ভরপুর হতে বাঁশডর’ সড়কের সংস্কারের জন্য আগে দেওয়া টেন্ডার বাতিল হয়েছিল। পরে নতুন করে সংস্কারকাজের প্রাক্কলন পাঠানো হয়েছে। সেটি অনুমোদন হয়ে এলে সড়ক সংস্কারের কাজ শুরু করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর