মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানকে গ্রেপ্তারের সময় পুলিশের কাছ থেকে তার স্বজন ও স্থানীয় লোকজন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করে পুলিশ বলছে, গ্রেপ্তারের সময় ওই ছাত্রলীগ নেতা পালিয়েছেন। ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসান উপজেলার কলাজুরা গ্রামের বাসিন্দা সাবেক উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিনের ছেলে।
শনিবার রাতে উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউপির কলাজুরা বাজারে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানের বিরুদ্ধে থানায় একটি রাজনৈতিক মামলা রয়েছে। শনিবার রাতে তাকে গ্রেপ্তারের জন্য বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই তৌহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ কলাজুরা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার স্বজন ও স্থানীয় লোকজন দ্রুত সেখানে জড়ো হয়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। পরে খবর পেয়ে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়।
বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে থানার এসআই মাসুদ পারভেজ কল রিসিভ করে বলেন, একটি রাজনৈতিক মামলার আসামি ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানকে গ্রেপ্তারের জন্য পুলিশ কলাজুরা বাজারে অভিযান চালায়। এসময় মাসুম পালিয়েছেন। তাকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি সঠিক নয়।
আজকের সিলেট/ডি/এসটি
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 








