নাশকতার প্রস্তুতির অভিযোগে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি পার্থ প্রতিম সিংহকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত পার্থ প্রতিম সিংহ ধর্মপাশা থানা সংলগ্ন এলাকার বাসিন্দা মৃত ধনঞ্জয় চন্দ্র সিংহের ছেলে।
শুক্রবার দুপুরে উপজেলা সদর বাজারে তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, নাশকতার প্রস্তুতির অভিযোগে গত বছরের ৭ ডিসেম্বর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে পার্থ প্রতিম সিংহকে গ্রেপ্তার করা হয়।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি 








