কোম্পানীগঞ্জ হাসপাতালে বেড়েছে ডায়রিয়া রোগী
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৩৪ PM

কোম্পানীগঞ্জ হাসপাতালে বেড়েছে ডায়রিয়া রোগী

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৩/২০২৫ ০৯:৩৫:১৮ AM

কোম্পানীগঞ্জ হাসপাতালে বেড়েছে ডায়রিয়া রোগী


কোম্পানীগঞ্জ উপজেলায় ডায়রিয়া রোগের প্রকোপ বেড়েছে। গত এক সপ্তাহে ২৫৪ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এছাড়া হাসপাতালের বহির্বিভাগ এবং জরুরি বিভাগ থেকে প্রতিদিন গড়ে ৩ শ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই পাথর শ্রমিক।

সরেজমিন কোম্পানীগঞ্জ হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের ৩১ শয্যার মধ্যে শনিবার রাত ১০টা পর্যন্ত ডায়রিয়ার রোগী ভর্তি ছিল ২৬ জন। পুরুষ ও মহিলা ওয়ার্ডে গাদাগাদি করে রোগীরা চিকিৎসা নিচ্ছে। শয্যা না পেয়ে রোগীদের জন্য মেঝেতে বিছানা পাতা হয়েছে।

খায়েরগাঁও গ্রামের পাথর শ্রমিক জাহাঙ্গীরকে (২২) নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতালের শয্যায় বসে রয়েছেন বাবা মোতালেব। তিনি জানান, দুইদিন ধরে ছেলের পেটে ব্যথা। সঙ্গে ডায়রিয়া। প্রথমে বাসায় থেকে চিকিৎসা করিয়েছেন। কিন্তু অসুখ বেড়ে যাওয়ার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সিট না পেয়ে বারান্দার মেঝেতে বিছানা বিছিয়ে থাকছেন।

ডায়রিয়ায় আক্রান্ত ভোলাগঞ্জ ডাকঘর এলাকার পাথর শ্রমিক সুমন আহমদকে (৪০) শনিবার রাতে হাসপাতালে ভর্তি করেছেন স্ত্রী সুমি বেগম। তিনি জানান, সকাল থেকে বারবার পাতলা পায়খানা হচ্ছিল। দুর্বল হয়ে পড়ে থাকায় মাগরিবের পরে এসে ভর্তি করান। সিট না পেয়ে তাকেও বারান্দার মেঝেতে বিছানা পাততে হয়েছে। পুরুষ ওয়ার্ডের মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন ভোলাগঞ্জ আদর্শগ্রামের মনির (২২),পাড়ুয়া গ্রামের শিপন (২০) ও বর্নি গ্রামের ফুরকান আলী (৫৫)। তারা জানান, পাতলা পায়খানা ও বমি হওয়ায় এখানে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা খাবার স্যালাইন ও অ্যান্টিবায়োটিক খাওয়ানোর কারণে এখন কিছুটা ভালোর দিকে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার প্রভাকর রায় বলেন, প্রতিদিন বহির্বিভাগে পাচ-ছয় শ রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে অর্ধেকই ডায়রিয়ায় আক্রান্ত।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরিফুর রহমান নয়ন বলেন, ডায়রিয়ায় আক্রান্তদের অধিকাংশই পাথর শ্রমিক। এরমধ্যে বেশিসংখ্যক ডায়রিয়া রোগী ভোলাগঞ্জ আদর্শগ্রামের বাসিন্দা। আমরা ওই এলাকাটি পরিদর্শন করেছি। সেখানে বেশিরভাগ লোক খোলা টয়লেটে পায়খানা করে। এছাড়া দূষিত পানি ও খাবার গ্রহণের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বলে মনে হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর