সুনামগঞ্জে নৌকা ডুবে ৪ জনের মৃত্যু
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৩৪ PM

সুনামগঞ্জে নৌকা ডুবে ৪ জনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৩/২০২৫ ১১:৩৪:২৩ AM

সুনামগঞ্জে নৌকা ডুবে ৪ জনের মৃত্যু


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বৌলাই নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের তাপস চক্রবর্তীর স্ত্রী বিউটি চক্রবতী (৫০), নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের কল্পনা সরকার (৫০), কলমাকান্দা থানার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের মেয়ে গঙ্গা সরকার (৬) ও কল্পনার দেবরের মেয়ে (৫)।  এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার রাতে উপজেলার বেহেলী ইউনিয়নের বৌলাই নদীতে (আছানপুর ও মদনাকান্দি গ্রামের মাঝে) এ ঘটনা ঘটে।  

এছাড়া হাতনি গ্রামের নিরদ সরকারের শিশু ছেলে নিরব সরকারকে (১০) মুমূর্ষু অবস্থায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য দেবাশীষ তালুকদার জানান, উপজেলার মদনাকান্দি গ্রামের সুমন সরকারের ইঞ্জিনচালিত নৌকায় প্রতি শনিবার আশপাশের বিভিন্ন গ্রামের লোকজন মধ্যনগর উপজেলার হাটবারে যাওয়া-আসা করেন। ৫০ থেকে ৬০ জন যাত্রী বাজারে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নৌকা করেই বাড়ি ফিরছিলেন। এর পাশাপাশি নৌকায় অতিরিক্ত মালামালবোঝাইও ছিল। নৌকাটি উপজেলার বেহেলী ইউনিয়নের বৌলাই নদীতে (আছানপুর ও মদনাকান্দি গ্রামের মাঝে) এসে ডুবে যায়। এ সময় অন্যান্য যাত্রীরা পাড়ে উঠলেও দুই শিশুসহ দুই নারী ডুবে মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার মধ্যনগর উপজেলা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ৭০ জন যাত্রী এবং প্রচুর মালামাল নিয়ে জামালগঞ্জ উপজেলা শহরে আসছিল। অতিরিক্ত যাত্রী বহনের কারণে সুরমা নদীতে নৌকাটি ডুবে যায়। অনেক যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের সবাই নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা থেকে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে আত্মীয়বাড়ি বেড়াতে এসেছিলেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত স্থানে যাচ্ছি। লোকমুখে শুনেছি চারজনের মৃত্যু হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর