জগন্নাথপুরে উৎসবের বাজারে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:২৩ AM

জগন্নাথপুরে উৎসবের বাজারে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৩/২০২৫ ১০:৩০:২৩ AM

জগন্নাথপুরে উৎসবের বাজারে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা


সুনামগঞ্জের জগন্নাথপুরের বিভিন্ন বাজারে ঈদ উপলক্ষে শেষ মুহূর্তের ব্যস্ততা চলছে। এতে জমে উঠেছে ঈদবাজার। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে মানুষের কেনাকাটা। উপজেলার বিভিন্ন বিপণিবিতান ঘুরে দেখা গেছে, সেখানে ক্রেতার উপচে পড়া ভিড়। কমতি নেই ফুটপাতেও। সমানতালেই চলছে কেনাবেচা। অন্য বছরের তুলনায় এবার ঈদ মৌসুমে বিদ্যুতের ভেলকিবাজি নেই। এতে খুশি ব্যবসায়ীরা। নতুন জামাকাপড়ের দাম বেশি বলে অভিযোগ করেছেন অনেক ক্রেতা।

শনিবার পৌর শহরের জগন্নাথপুর বাজার ঘরে দেখা যায়, ঈদ সামনে রেখে বিভিন্ন বিপণিবিতান বর্ণিল সাজে সাজানো হয়েছে। আলোকসজ্জা করা হয়েছে বিভিন্ন মার্কেট ও দোকান। প্রতিটি গার্মেন্টের দোকানে প্রচণ্ড ভিড়। ব্যবসায়ীরা জানান, প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে খ্যাত এ উপজেলায় এবার অন্যসব বছরের তুলনায় একটু আগে থেকে বেচাকেনা শুরু হয়েছে। ক্রেতার চাপ বেশি। লোডশেডিংমুক্ত এবারের ঈদে ভালোই ব্যবসা চলছে তাদের। ঈদের শেষ মুহূর্তে আরও বেশি বেচাবিক্রি হবে বলে তারা প্রত্যাশা করছেন।

জগন্নাথপুর বাজারের এমআরএস ফ্যাশনের মালিক কদ্দুস মিয়া বলেন, জগন্নাথপুরের সিংহভাগ মানুষ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন। প্রবাসীদের আয়ই এখানকার মানুষের চালিকাশক্তি। অন্য যে কোনো বছরের তুলনায় এবার ক্রেতার চাপ বেশি। আরও ভালো লাগছে বিদ্যুতের লোডশেডিং নেই। আসল ঝলক ফ্যাশনের মালিক শ্যামল গোপ বলেন, এ বছর আগেভাগে বেচাবিক্রি শুরু হয়েছে। ১০-১২ রোজা থেকেই কেনাকাটা শুরু হয়। শেষের দিকে আরও জমজমাট হবে ঈদবাজার।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ বলেন,মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার তদারকির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর