পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা ১২ দিন তামাবিল স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। জেলা আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে তামাবিল স্টেশনে ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।
তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত তামাবিল, শেওলা, সুতারকান্দি, ভোলাগঞ্জ ও জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের সাথে আমদানি-রফতানি বন্ধ থাকবে। সবকটি বন্দরের সাথে মিল রেখে এ ছুটি ঘোষণা করা হয়েছে। ৭ এপ্রিল থেকে পুনরায় চলবে আমদানি-রফতানি কার্যক্রম।
এদিকে আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে আগামী ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত কাস্টম হাউস বা স্টেশনগুলোর আমদানি-রফতানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে শুধু ঈদের দিনে শুল্ক স্টেশনগুলো বন্ধ থাকবে। এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) মুকিতুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
আজকের সিলেট/ডি/এসটি









