শায়েস্তাগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:১৩ PM

শায়েস্তাগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০২/১১/২০২৪ ০৫:৪৯:৫২ AM

শায়েস্তাগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার। জাতীয় পতাকা উত্তোলনের পর শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সঙ্গীত গাওয়া হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে এ বছরের সমবায় দিবসের প্রতিপাদ্য ছিল “সমবায় গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”। শায়েস্তাগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইসমাইল তালুকদার (রাহি) এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার মিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান।

আলোচনা সভায় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মীর ইখলাছুর রহমান কোরআন তেলাওয়াত করেন এবং গীতা পাঠ করেন উপজেলা সমবায় অফিসের সত্যজিত চন্দ্র ঘোষ। সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শেখ ফরিদ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি সৈয়দ মোফাজ্জল হোসেন মাহফুজ মিয়া, এবং হবিগঞ্জ জেলা রিপোর্টাস ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ জুয়েল চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথি ইউএনও ফারজানা আক্তার মিতা তার বক্তব্যে বলেন, “বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য সমবায়ভিত্তিক কৃষি, হাঁস-মুরগি, গরু-ছাগল, এবং মৎস্য চাষের বিস্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সমবায় দপ্তর সবসময় নিম্ন আয়ের মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করে।” তিনি শায়েস্তাগঞ্জের মানুষের প্রতি আহ্বান জানান যেন অলসতা ত্যাগ করে সবাই মিলে কাজ করে দারিদ্রতা দূর করতে সচেষ্ট হন।

দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির আওতাধীন ১৫টি সংগঠনের সদস্যসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর