বালাগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে বৈদ্যুতিক পাখা চলন্ত অবস্থায় পড়ে গিয়ে ৩ শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার দুপুরে বালাগঞ্জ উপজেলা সদরের বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের একজন শিক্ষক জানিয়েছেন, ফ্যান মাথায় পড়ে যাওয়ায় তারা মাথায় আঘাত পেয়েছে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাদের চিকিৎসা প্রদান করা হয়েছে।
আহত শিক্ষার্থীরা উপজেলা কমপ্লেক্সের হিমাংশু দাসের ছেলে জিৎ দাস ঈশান, বালাগঞ্জ মধ্য বাজারের আকমল হোসেনের ছেলে সারাফাত হোসেন ও প্রশন্নপুর গ্রামের সুদ্বীপ দেবনাথের ছেলে শুভদ্বীপ দেবনাথ। তারা সবাই ১ম শ্রেণীর শিক্ষার্থী।
এ ঘটনার পরে বিদ্যালয় ও এলাকার অবিভাবকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অবিভাব বলেন, টুকটাক মেরামত ও বিভিন্ন কাজের জন্য বিদ্যালয়ে সরকার থেকে প্রতি বছর লক্ষ টাকা আসে কিন্তু, তারা কাজ না করিয়ে টাকা কি করেন? এই ঘটনা যদি বড় ধরনের একটা দুর্ঘটনা গঠে তাহলে এই দায়ভার কে নিবে?
এ ব্যাপারে বিদ্যালয়টির প্রধান শিক্ষক নান্টু দাস জানান, আজ আকস্মিক ভাবে ফ্যান খুলে পড়ে যাওয়ায় আমার বিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থীর মাথা ফেটে গিয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে।
এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রকিব ভূইয়ার মোবাইলে একাধিকবার ফোন দেওয়ার পরেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আজকের সিলেট/ডি/এপি
বালাগঞ্জ প্রতিনিধি 








