মৌলভীবাজারে ভারতীয় মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১১ PM

মৌলভীবাজারে ভারতীয় মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯/০৯/২০২৪ ০৫:০২:৩৫ AM

মৌলভীবাজারে ভারতীয় মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক


মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অনুপ্রবেশের অভিযোগে মো. মুজিবুর রহমান (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ১৫ হাজার ২৫০ ভারতীয় রুপিসহ ৩ লাখ টাকার মালামাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার এ তথ্য জানান বড়লেখা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ফরিদ।

তিনি বলেন, বুধবার উপজেলার সীমান্তবর্তী বড়াইল এলাকা থেকে লাতু বিওপির বিজিবি সদস্যরা মুজিবুর রহমানকে আটক করেন। পরে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। মুজিবুর রহমান ভারতের আসাম রাজ্যের নয়াগাঁ জেলার ডাবুক হোজাই থানার চাংমাঝিগাঁ গ্রামের আকবর আলীর ছেলে।

বিজিবি লাতু বিওপির কমান্ডার নায়েক সুবেদার মো. আছমাত উল্লাহ ঠাকুর আটক ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছেন। পরে থানা-পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।  

অপর একটি সূত্র জানায়, বড়লেখা উপজেলার সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল বিজিবির একটি টিম। এ সময় সীমান্তের মেইন পিলার থেকে আনুমানিক ৩১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়াইল এলাকায় বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেলের গতিরোধ করেন। পরে দুই আরোহীর একজন ভারতীয় নাগরিক মুজিবুর রহমানকে মোটরসাইকেলসহ আটক করা হয়।

অপরজন বাংলাদেশি নাগরিক লোকমান হোসেন কৌশলে পালিয়ে যান। এক পর্যায়ে আটক ভারতীয় নাগরিকের দেহ তল্লাশি করে বিজিবি ১৫ হাজার ২৫০ ভারতীয় রুপি, একটি মোবাইল ফোন, বেশ কিছু ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ বিভিন্ন মালামাল জব্দ করে। অবৈধ অনুপ্রবেশের অপরাধে বিজিবি ভারতীয় নাগরিককে আটক করে থানায় সোপর্দ করে।

অবৈধ অনুপ্রবেশের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর