সিলেট বিভাগে হাম ও সন্দেহজনক হাম পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগজুড়ে হাম ও সন্দেহজনক হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪৩ জনে পৌঁছেছে। রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫ জনে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১৪ জন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৫ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৬ জন এবং জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩২৫ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩১ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৯ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৩ জনসহ অন্যান্য হাসপাতালেও রোগীরা চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সিলেট জেলায় হাম ও সন্দেহজনক হাম মিলিয়ে ৫৫ জন, হবিগঞ্জে ১৮ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫৭ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা সিলেটে ৪, হবিগঞ্জে ৪, মৌলভীবাজারে ১ এবং সুনামগঞ্জে ১ জন। সর্বশেষ মারা যাওয়া শিশুটির বয়স ছিল ৮ মাস। সে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা। প্রতিবেদনে শিশুটির নাম মুনতাহা এবং বাবার নাম মনসু আলী উল্লেখ করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তার মৃত্যু হয়।
হাম নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছে। তবে প্রতিদিন নতুন করে রোগী শনাক্ত এবং হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বেগ বাড়ছে। শিশুদের মধ্যে সংক্রমণের প্রবণতা বেশি হওয়ায় অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।
২৩ আগস্টের স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনের সার্বিক হিসাবে, চলতি বছরে সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৫ জন। আর নিশ্চিত ও সন্দেহজনক হাম মিলিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৪৩ জনে দাঁড়িয়েছে।
আজকের সিলেট/ জেকেএস









