শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কোম্পানীগঞ্জে দিনব্যাপী মহোৎসব
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২৭ PM

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কোম্পানীগঞ্জে দিনব্যাপী মহোৎসব

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৬ ১২:২৪:৪১ PM

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কোম্পানীগঞ্জে দিনব্যাপী মহোৎসব


পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে জন্মাষ্টমী মহোৎসব অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর), ১৮ ভাদ্র কোম্পানীগঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মহোৎসবের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এবং সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কোম্পানীগঞ্জ উপজেলার পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

আয়োজক কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, জন্মাষ্টমী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি থাকবে। সকাল ১০টায় মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে। দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও ধর্মসভা। এরপর দুপুর ২টায় বের করা হবে মঙ্গল শোভাযাত্রা বা বর্ণাঢ্য র‌্যালি।

সন্ধ্যায় রাত ৮টায় অনুষ্ঠিত হবে সন্ধ্যা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে রাত ১২টায় ভগবান শ্রীকৃষ্ণের মহা-অভিষেক (স্নান) অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মাষ্টমী মহোৎসবের প্রধান ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এতে সভাপতিত্ব করবেন সুরঞ্জন তালুকদার। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন হারান দাস (আকাশ)।

আয়োজকরা জানিয়েছেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষকে স্ব-পরিবারে ও স্ব-বান্ধবে মহোৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

আয়োজকদের প্রত্যাশা, ধর্মীয় আনুষ্ঠানিকতা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে কোম্পানীগঞ্জে এবারের জন্মাষ্টমী মহোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর