রেলস্টেশন থেকে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি-কসমেটিকস উদ্ধার
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৪ PM

রেলস্টেশন থেকে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি-কসমেটিকস উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৮/২০২৬ ০১:০৫:০৫ PM

রেলস্টেশন থেকে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি-কসমেটিকস উদ্ধার


মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় যৌথ টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে বিজিবি, র‍্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত দলটি এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, অবৈধ পথে ভারতীয় পণ্য পাচারের গোপন তথ্য পেয়ে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়। শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকস উদ্ধার করা হয়।

অভিযানে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।

অভিযান শেষে জব্দ করা পণ্যগুলোর প্রাথমিক সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। কর্তৃপক্ষের ভাষ্য, বেআইনিভাবে আমদানি ও পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালানের মাধ্যমে অবৈধ পণ্য দেশে প্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা এবং সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর