রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

শাল্লায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৬

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১০/২০২৬ ০৮:৫০:৫২ অপরাহ্ন

শাল্লায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৬


জায়গা-জমির বিরোধ আর এলাকায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল সুনামগঞ্জের শাল্লা উপজেলার নিজগাঁও গ্রাম। বিরোধপূর্ণ জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মন্নার মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার আটগাঁও ইউনিয়নের নিজগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মন্নার মিয়া ওই গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের আজব আলী ও রুপ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর পাশাপাশি এলাকায় আধিপত্য বিস্তার নিয়েও দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল বলে স্থানীয়দের দাবি।

শনিবার দুপুরে বিরোধপূর্ণ একটি জায়গায় রুপ মিয়ার পক্ষের লোকজন বেড়া দিলে আজব আলীর পক্ষের লোকজন তা সরিয়ে ফেলতে যান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা ও উত্তেজনা দেখা দেয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে রুপ মিয়ার পক্ষের মন্নার মিয়া গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নোমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আজব আলী ও রুপ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রায় ১৬ জন আহত হয়েছেন। রুপ মিয়ার পক্ষের একজন মারা গেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন। বিস্তারিত পরে জানাবেন।

আজকের সিলেট/ এন এস(প্রতিনিধি)/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর