এইচএসসি পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হারে ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা। তবে জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে মেয়েরা কিছুটা পিছিয়ে রয়েছে। বিভাগভিত্তিক ফল বিশ্লেষণে দেখা গেছে, মানবিক বিভাগে মেয়েদের সাফল্য বেশি হলেও বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে পাসের হারে সামান্য এগিয়ে ছেলেরা।
শনিবার (৩১ অক্টোবর) ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ফলাফলপত্র বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে।
এবার সিলেট শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ৭১ হাজার ৮৯৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৪২ হাজার ৯৫৮ জন মেয়ে এবং ২৮ হাজার ৯৩৫ জন ছেলে।
ফলাফল অনুযায়ী, ছেলেদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৪ হাজার ৯৬ জন। তাদের পাসের হার ৪৮ দশমিক ৭২ শতাংশ। অন্যদিকে, মেয়েদের মধ্যে পাস করেছে ২২ হাজার ৫০১ জন। তাদের পাসের হার ৫২ দশমিক ৩৮ শতাংশ।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, মানবিক বিভাগে মেয়েদের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি। এ বিভাগে ৩০ হাজার ৪১৩ জন মেয়ে পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১৪ হাজার ৯০৫ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৪৯ দশমিক ০১ শতাংশ।
মানবিক বিভাগে পরীক্ষায় অংশ নেওয়া ছেলের সংখ্যা ছিল ১৮ হাজার ৯৪৬। এদের মধ্যে ৭ হাজার ৯৪৩ জন পাস করেছে। ছেলেদের পাসের হার ৪১ দশমিক ৯২ শতাংশ। ছেলে ও মেয়েদের মিলিয়ে এ বিভাগে গড় পাসের হার ৪৬ দশমিক ২৯ শতাংশ।
বিজ্ঞান বিভাগেও ছেলেদের তুলনায় মেয়েদের অংশগ্রহণ বেশি ছিল। এ বিভাগে ৮ হাজার ৩৫৫ জন মেয়ে এবং ৫ হাজার ৯৯৮ জন ছেলে পরীক্ষায় অংশ নেয়। তবে পাসের হারে মেয়েদের চেয়ে এগিয়ে রয়েছে ছেলেরা। বিজ্ঞান বিভাগে ছেলেদের মধ্যে ৪ হাজার ২৩৭ জন উত্তীর্ণ হয়েছে, পাসের হার ৭০ দশমিক ৬৪ শতাংশ। অন্যদিকে, মেয়েদের মধ্যে পাস করেছে ৫ হাজার ৬০১ জন, পাসের হার ৬৭ দশমিক ০৪ শতাংশ। এ বিভাগে সম্মিলিত পাসের হার ৬৮ দশমিক ৫৪ শতাংশ।
বাণিজ্য বিভাগেও পাসের হারে ছেলেরা সামান্য এগিয়ে। এ বিভাগে মোট ৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৯৯১ জন ছেলে এবং ৪ হাজার ১৯০ জন মেয়ে। ছেলেদের পাসের হার ৪৮ দশমিক ০১ শতাংশ। মেয়েদের পাসের হার ৪৭ দশমিক ৬১ শতাংশ। ছেলে-মেয়ে মিলিয়ে এ বিভাগে গড় পাসের হার ৪৭ দশমিক ৮১ শতাংশ।
সব মিলিয়ে সিলেট বোর্ডে সামগ্রিক পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও বিভাগভেদে ফলাফলে রয়েছে ভিন্ন চিত্র। মানবিকে মেয়েদের সাফল্য বেশি, আর বিজ্ঞান ও বাণিজ্যে পাসের হারে এগিয়ে ছেলেরা।
আজকের সিলেট/ জেকেএস









