শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/১০/২০২৬ ০৫:৪২:০৪ অপরাহ্ন

ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ


সাংবাদিকদের কণ্ঠরোধ করে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকার বাধাগ্রস্ত করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিলেটের সাংবাদিক নেতারা। এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তাঁরা বলেন, এ হামলা কেবল সাংবাদিকদের ওপর নয়, পুরো সিলেটবাসীর ওপর আঘাত। সিলেটবাসীর সম্পদ ওসমানী হাসপাতালে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সিলেটের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি রাজনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা সংহতি প্রকাশ করেন।

সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, এই আয়োজন শুধু সাংবাদিকদের প্রতিবাদ নয়, পুরো সিলেটবাসীকে জাগ্রত করার একটি উদ্যোগ। অতীতে ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বিভিন্ন আন্দোলনের সময় সাংবাদিকেরা তাঁদের পক্ষে সংবাদ প্রকাশ করেছেন। অথচ আজ দায়িত্ব পালন করতে গিয়ে সেই সাংবাদিকদেরই হামলার শিকার হয়ে রক্তাক্ত হতে হয়েছে।

বক্তারা আরও বলেন, চিকিৎসাসেবা বন্ধ রেখে রোগীদের জিম্মি করার সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

ঘটনার তিন দিন পার হলেও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা। তাঁরা বলেন, অতীতে হাসপাতালের অচলাবস্থা নিরসনে প্রশাসন দ্রুত ভূমিকা নিলেও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিচার নিশ্চিত করা এবং নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনে বিলম্ব হচ্ছে। এতে সাধারণ মানুষের আস্থার জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তাঁদের ভাষ্য, এ ধরনের ঘটনা পুরো চিকিৎসক সমাজের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। ওসমানী হাসপাতালে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও মাস্তানি বন্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। হামলায় জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি গত বুধবারের ঘটনার সুষ্ঠু তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষকে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানান তাঁরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইন্টার্ন চিকিৎসকদের একটি অংশের বিরুদ্ধে রোগীর স্বজন ও সাধারণ মানুষকে হেনস্তা এবং লাঠিসোটা দিয়ে মারধরের অভিযোগ দীর্ঘদিনের। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কোনো আপসকামী সমাধান মেনে নেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তাঁরা। সাংবাদিকদের মর্যাদা রক্ষা ও সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে শিগগিরই বৈঠক করে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি মো. মাহবুবুর রহমান রিপন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ূন কবীর লিটন এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি প্রমুখ।

এ সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এবং দক্ষিণ সুরমা, বিশ্বনাথসহ বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সংহতি জানান। সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সিলেট বিভাগীয় কমিটি ও সিলেট কল্যাণ সংস্থাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারাও সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, দৈনিক উত্তর পূর্বের ভারপ্রাপ্ত সম্পাদক ফখরুল ইসলাম, দৈনিক সমকালের সিলেট ব্যুরো প্রধান মুকিত রহমানী, অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মহসিন ও শফিকুর রহমান, জেলা প্রেসক্লাবের সহসভাপতি সজল ঘোষ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, সহসাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ (মাইস্লাম রাজেশ), দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল হক ডালিম, তথ্যপ্রযুক্তি সম্পাদক আহমেদ জামিল, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বিলকিস আক্তার সুমি, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি, সিনিয়র সাংবাদিক কাউছার চৌধুরীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সামাজিক ব্যক্তিরা।

উল্লেখ্য, গত বুধবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের খবর পেয়ে তথ্য ও ছবি সংগ্রহ করতে যান দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল এবং নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল সিলেটভিউ২৪-এর নিজস্ব প্রতিবেদক নিবেন্দু তালুকদার। এ সময় তারা ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হন।

অভিযোগ অনুযায়ী, ইন্টার্ন চিকিৎসকরা স্যালাইনের স্ট্যান্ড দিয়ে তাদের মাথায় আঘাতসহ বেধড়ক মারধর করেন। এতে দুই সাংবাদিক রক্তাক্ত ও গুরুতর আহত হন। বারবার নিজেদের সাংবাদিক পরিচয়পত্র প্রদর্শন করেও হামলাকারীদের হাত থেকে রেহাই পাননি তারা। আহত দুই সাংবাদিকই সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর