শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

মুড়ারবন্দ দরবারে বিশ্ব সুফী সংস্থার আলোচনা সভা, হবিগঞ্জ জেলা কমিটি গঠন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১০/২০২৬ ০৭:৪৬:৪৭ অপরাহ্ন

মুড়ারবন্দ দরবারে বিশ্ব সুফী সংস্থার আলোচনা সভা, হবিগঞ্জ জেলা কমিটি গঠন


আত্মশুদ্ধি, মানবতা ও ভালোবাসার চর্চার মধ্য দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে হবিগঞ্জের মুড়ারবন্দে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব সুফী সংস্থার আলোচনা সভা। সভায় সুফীবাদের শিক্ষা ও আদর্শকে মানুষের মধ্যে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। একই অনুষ্ঠানে বিশ্ব সুফী সংস্থার হবিগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরিফ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ব সুফী সংস্থা। সেনাপতি মুড়ারবন্দে রওজা শরিফে শায়িত হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহ.)-এর দরবার শরিফে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরিফের মোতাওয়াল্লি ও গদীনশিন পীরজাদা আলহাজ সৈয়দ শফিক আহমেদ চিশতী সফি।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন মাজার ও দরবার শরিফের খেদমতদার, সুফী, পীর-দরবেশ, দরবারের আশেকান-ভক্ত, ধর্মপ্রাণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি এবং বিশ্ব সুফী সংস্থার নেতাকর্মীরা অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ব সুফী সংস্থার কেন্দ্রীয় কার্যকরী নির্বাহী কমিটির সদস্য আফতাফ জিলানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জের দাউদনগর মধ্য হাবেলী সাহেববাড়ির সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন এবং হবিগঞ্জের রিচি সাহেববাড়ির বাসিন্দা ও রিচি দরবার শরিফের মোতাওয়াল্লি এবং গদীনশিন পীরজাদা আলহাজ সৈয়দ শামসুদ্দিনসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে আফতাফ জিলানী বলেন, ইসলাম শান্তি, মানবতা ও সহমর্মিতার ধর্ম। সুফীবাদ মানুষের আত্মশুদ্ধি ও নৈতিকতা বিকাশে ভূমিকা রাখে। বর্তমান সমাজে হিংসা, বিভেদ ও নৈতিক অবক্ষয় দূর করতে সুফী দর্শনের শিক্ষা ও আদর্শ আরও ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

আলোচনায় কোরআন ও সুন্নাহর আলোকে আধ্যাত্মিক জীবন গঠন, মানবকল্যাণে আত্মনিয়োগ এবং তরুণ প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। আমন্ত্রিত বক্তারা বলেন, প্রকৃত সুফীবাদ মানুষের মধ্যে বিভেদ তৈরি করে না; বরং ভালোবাসা, সম্প্রীতি, সহনশীলতা ও মানবসেবার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠার শিক্ষা দেয়।

আলোচনা সভা শেষে বিশ্ব সুফী সংস্থার হবিগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে নুরুল ইসলাম ফটিককে আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে সৈয়দ মুরাদ আহমেদ চিশতী, লিটন শাহ ফকির ও আনোয়ার হোসেন মহনসহ আরও কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, আধ্যাত্মিক চর্চার বিস্তার এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরিফের খাদেম ও গদীনশিন পীরজাদা সৈয়দ মুরাদ আহমেদ চিশতী।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর