সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

কালিঘাটে মসলা মিলে ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/১০/২০২৬ ০৯:০০:০৭ অপরাহ্ন

কালিঘাটে মসলা মিলে ৮০ হাজার টাকা জরিমানা


নগরীর কালিঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভাই ভাই মসলা মিলকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সিলেট মেট্রোপলিটন এলাকার কালিঘাট বাজারে জেলা প্রশাসন, সিলেট ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

মেয়াদোত্তীর্ণ ময়দা, প্রয়োজনীয় অনুমোদনপত্রের অভাব, অপরিচ্ছন্ন পরিবেশ এবং পণ্যের মোড়কে ভুল তথ্যসহ বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব। এ সময় ভাই ভাই মসলা মিলে বিভিন্ন অনিয়ম ও অসংগতি পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ ময়দা মজুত রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় অনুমোদনপত্র ছাড়াই মসলা প্রস্তুত, প্যাকেজিং ও বিক্রি করা হচ্ছিল। পণ্য প্যাকেজিংয়ের ক্ষেত্রে ভুল তথ্য ও লেবেলসংক্রান্ত ত্রুটি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতিও পাওয়া যায়।

সিলেট মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ সারফরাজ হোসেনের সার্বিক সমন্বয়ে পরিচালিত অভিযানে সিলেট সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সাইফুল ইসলাম ও মো. আব্দুল মুমিত উপস্থিত ছিলেন। এ ছাড়া পুলিশ ও আনসার ব্যাটালিয়নের একটি দল অভিযানে সহযোগিতা করে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর