সিলেট বিভাগে হাম ও হাম-উপসর্গে আক্রান্ত রোগীদের চাপ অব্যাহত রয়েছে। নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও বিভাগে এ পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ জনে। এদিকে, বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১৫৪ জন হাম-উপসর্গের রোগী। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪৫৩ জন। সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিভাগে নিশ্চিত হাম আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন রয়েছেন।
নতুন ভর্তি হওয়া ১৫৪ রোগীর মধ্যে সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৪ জন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৯ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে একজন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪৫৩ রোগীর মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮৬ জন। এরপর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৭০ জন।
অন্য হাসপাতালগুলোর মধ্যে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৫ জন, পার্কভিউ মেডিকেলে ২২ জন, রাগীব-রাবেয়া মেডিকেলে ২০ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া নর্থ ইস্ট হাসপাতালে পাঁচজন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে একজন ভর্তি রয়েছেন।
এদিকে, শনিবার পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হাম-উপসর্গে মোট ২০৩ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৮৩ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৩২ জন এবং মৌলভীবাজারে ১৬ জন মারা গেছেন।
আজকের সিলেট/ জেকেএস









