সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

কমলগঞ্জে চলন্ত ট্রেনের ছাদ থেকে যুবককে ফেলে দেওয়ার অভিযোগ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১০/২০২৬ ০৪:৩০:১৫ অপরাহ্ন

কমলগঞ্জে চলন্ত ট্রেনের ছাদ থেকে যুবককে ফেলে দেওয়ার অভিযোগ


মৌলভীবাজারের কমলগঞ্জে ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেসের ছাদ থেকে  মো. রাজু মিয়া (৩৫) নামে এক যুবককে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর) রাত আটটার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা বন ক্যাম্প এলাকা অতিক্রমের সময় এ ঘটনা ঘটে। এতে  গুরুতর আহত হন রাজু।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজু মিয়া ঢাকা থেকে কালনী এক্সপ্রেসের ছাদে চড়ে সিলেটে ফিরছিলেন। পথে বাঘমারা বন ক্যাম্প এলাকায় পৌঁছালে ছাদে থাকা দুই ব্যক্তি তাঁর মুঠোফোন ও ব্যাগ নিয়ে তাঁকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটি দেখে স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান পুলিশকে খবর দেন। পরে আহত রাজুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। উন্নত চিকিৎসা ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে পরবর্তী সময়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানার (জিআরপি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আহত রাজু মিয়া সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুর রহিম।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি ট্রেন ও রেললাইনের আওতাধীন এলাকায় ঘটেছে। এ কারণে আহত যুবককে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর