সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত, তিন দিনে ২৫-৩০ জনকে ফেরাল বিজিবি

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১০/২০২৬ ০৪:৩৪:২৪ অপরাহ্ন

মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত, তিন দিনে ২৫-৩০ জনকে ফেরাল বিজিবি


মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার দুর্গম পাহাড়ি বনাঞ্চলসংলগ্ন সীমান্ত দিয়ে গত তিন দিনে আনুমানিক ২৫ থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৫ অক্টোবর) বিকেলে বিজিবির ৫২ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সীমান্তে পুশইনের চেষ্টার খবর পাওয়ার পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। নিবিড় নজরদারি ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়েছে। এ সময় ভারতীয় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকেও বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছিল বলে জানা গেছে।

সীমান্তে নিরাপত্তা জোরদারের বিষয়ে ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ক্যামেরা, গোয়েন্দা তথ্য ও আধুনিক নজরদারি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি দিন-রাত টহলও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, দুর্গম ভূপ্রকৃতি কিংবা প্রতিকূল পরিবেশ কোনো কিছুই সীমান্ত সুরক্ষায় বিজিবির দায়িত্ব পালনে বাধা হতে পারবে না। জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের স্বার্থ সমুন্নত রাখতে ৫২ বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর