মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

গোয়াইনঘাটের নন্দিরগাঁওয়ে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা আব্দুল মতিন

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ০৮:৪৭:০৫ অপরাহ্ন

গোয়াইনঘাটের নন্দিরগাঁওয়ে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা আব্দুল মতিন


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এর মধ্যে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মতিনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহল ও ভোটারদের মধ্যে আলোচনা চলছে।

গত ২৬ সেপ্টেম্বর নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন আব্দুল মতিন। ওই অনুষ্ঠানে তিনি চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশার কথা জানান।

আব্দুল মতিন গোয়াইনঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি। এর আগে তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নন্দিরগাঁও ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। তিনি গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকও। এলাকায় তিনি মার্জিত ও হাস্যোজ্জ্বল ব্যক্তি হিসেবে পরিচিত।

স্থানীয়দের ভাষ্য, ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও চায়ের আড্ডায় তাঁকে নিয়ে আলোচনা হচ্ছে। তাঁদের মতে, মিষ্টভাষী আচরণ ও দীর্ঘদিনের সেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আস্থা অর্জন করেছেন। তরুণদের মধ্যে পরিচিতির পাশাপাশি প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল আচরণের কারণেও বিভিন্ন বয়সী মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করেন স্থানীয় ভোটারদের অনেকে।

এলাকার প্রবীণ নাগরিকদের মতে, নন্দিরগাঁও ইউনিয়নের উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব। এসব প্রত্যাশার জায়গা থেকে আব্দুল মতিনকে ঘিরে পরিবর্তনের আশা করছেন বলে জানিয়েছেন তাঁদের কেউ কেউ।

নির্বাচনী প্রস্তুতি ও নিজের লক্ষ্য সম্পর্কে জানতে আব্দুল মতিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুন নুর বলেন, ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে আব্দুল মতিন ইউনিয়নের প্রতিটি গ্রাম ও এলাকায় সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। বিভিন্ন এনজিওর মাধ্যমে ইউনিয়নের গ্রামগুলোতে নিরাপদ পানি সরবরাহেও ভূমিকা রেখেছেন তিনি।

আব্দুন নুরের ভাষ্য, প্রাকৃতিক দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আব্দুল মতিন। বিশেষ করে বৈশ্বিক করোনা পরিস্থিতি এবং ২০২২ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় তিনি খাদ্যসহায়তা নিয়ে মানুষের পাশে ছিলেন। প্রতিবছর শীত মৌসুমে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

এ ছাড়া নন্দিরগাঁও ইউনিয়ন ছাত্রদলের প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন এবং ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে আব্দুল মতিন সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে জানান আব্দুন নুর। তাঁর দাবি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ইউনিয়নের প্রতিটি গ্রামের ঘরে ঘরে জনসংযোগ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নজর কাড়েন আব্দুল মতিন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর