মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নতুন কমিটিকে ইলিয়াস আহমদ রাজনের অভিনন্দন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০/১০/২০২৬ ০৫:৫৪:১৩ অপরাহ্ন

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নতুন কমিটিকে ইলিয়াস আহমদ রাজনের অভিনন্দন


বিশ্বনাথের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষা ও মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা নিয়ে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন ইলিয়াস আহমদ রাজন।

যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে প্রতিষ্ঠিত ট্রাস্টটির নির্বাচন গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা দুটি প্যানেলের নতুন ও সাবেক নেতাদের সমন্বয়ে গঠিত কমিটির সবাইকে শুভেচ্ছা জানান বাংলাদেশ সরকার নিবন্ধিত পাক্ষিক ‘বিশ্বনাথ বার্তা’ পত্রিকার সম্পাদক, সাজুল এন্ড রাজন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ট্রাস্টের সদস্য ইলিয়াস আহমদ রাজন।

নবনির্বাচিত চেয়ারম্যান গুলজার খান, সাধারণ সম্পাদক মহব্বত শেখ, কোষাধ্যক্ষ মনির আহমদ, ভাইস চেয়ারম্যান আজম খান ও আখলাক হোসেন এবং সহকারী সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও আব্দুর রহিম রঞ্জুসহ কমিটির সব সদস্যকে অভিনন্দন জানিয়ে এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, বিশ্বনাথের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথের প্রবাসীরা ট্রাস্টটি প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সুশৃঙ্খলভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ইলিয়াস আহমদ রাজন বলেন, প্রবাসে কঠোর পরিশ্রম করে অর্জিত অর্থ দেশের মানুষের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নে ব্যয় করা মহৎ উদ্যোগ। এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কাজ দুনিয়া ও আখেরাতের কল্যাণ বয়ে আনবে। অতীতে ট্রাস্টের দায়িত্বশীল ব্যক্তিরা ন্যায়, ইনসাফ ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠন পরিচালনা করে যে দৃষ্টান্ত রেখেছেন, তা প্রশংসার দাবিদার।

তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব অতীতের সাফল্য ধরে রেখে ট্রাস্টের শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করবে। কমিটির সম্মিলিত প্রচেষ্টায় বিশ্বনাথের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সহজ হবে এবং এলাকার শিক্ষার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

নবনির্বাচিত চেয়ারম্যান গুলজার খান বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাঁদের উচ্চশিক্ষার সুযোগ তৈরি করাই ট্রাস্টের প্রধান লক্ষ্য। নতুন কমিটির সদস্যদের নিয়ে সততা, নিষ্ঠা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ উদ্যোগ বাস্তবায়নে ট্রাস্টের সদস্য ও প্রবাসীদের সহযোগিতাও কামনা করেন।

নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আজম খান বলেন, বিশ্বনাথের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং তাঁদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা তাঁদের অন্যতম প্রধান লক্ষ্য। কমিটির সবাইকে সঙ্গে নিয়ে সততা, নিষ্ঠা ও ঐক্যবদ্ধভাবে ট্রাস্টের কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানান তিনি। এ জন্য সদস্য ও প্রবাসীদের আন্তরিক সহযোগিতা চান আজম খান।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মহব্বত শেখ বলেন, ট্রাস্টের শিক্ষা ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করতে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

শুভেচ্ছাবার্তার শেষে ইলিয়াস আহমদ রাজন নবনির্বাচিত কমিটির সব সদস্যের সুস্বাস্থ্য, সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন। পাশাপাশি ট্রাস্টের সদস্যদের প্রতিও শুভকামনা জানিয়ে সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য প্রত্যাশা করেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর