বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, পাঁচজনের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/১০/২০২৬ ০৩:১৮:০১ অপরাহ্ন

চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, পাঁচজনের কারাদণ্ড


হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজের সামনে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা পরিচালনার দায়ে পাঁচজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মেলার বিভিন্ন গেট ও দোকানের কাঠামো অপসারণ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত অভিযান চালান সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সরকারি আদেশ অমান্য করে সংশ্লিষ্ট ব্যক্তিরা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই মেলার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এর আগে তাঁদের মেলা বন্ধ রাখার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছিল। নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। এরপরও কার্যক্রম অব্যাহত রাখায় অভিযান চালিয়ে পাঁচজনকে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানের সময় মেলার বিভিন্ন গেট ও দোকানের কাঠামো সরিয়ে ফেলা হয়। চুনারুঘাট থানা পুলিশের একটি দল, আনসার সদস্য এবং পৌরসভা কর্তৃপক্ষ অভিযানে সহযোগিতা করে।

এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের স্থানীয় বাণিজ্য মেলা আয়োজন না করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর