সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন, রেড কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৭ AM

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন, রেড কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ০৯:২৮:০৭ AM

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন, রেড কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ


এক দফা দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি অব্যাহত রয়েছে। দাবির পক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার (৪ অক্টোবর) বিকেলে কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে প্রতীকী রেড কার্ড দেখান শিক্ষার্থীরা। পরে রাতে কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার।

এর আগে শনিবার রাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। একই রাতে ক্যাম্পাসে মশাল মিছিলও করেন তারা। মিছিল থেকে ঘোষিত এক দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

এরও আগে গত সপ্তাহে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলনরত চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাহাদ হোসেন বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না। নতুন অধ্যক্ষকেও ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানান তিনি।

ফাহাদ হোসেন বলেন, ‘আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরব না। নতুন অধ্যক্ষকেও আমরা ক্যাম্পাসে ঢুকতে দিইনি আর দেবও না। তিনি একদিন এসেছিলেন, আর এখন চেষ্টা করছেন। কিন্তু আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। প্রশাসনিক কোনো কাজও করতে দেব না। বর্তমানে প্রশাসনিক ভবনে তালা দেওয়া আছে।’

এদিকে নবনিযুক্ত অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবাল বলেন, তিনি যোগদানের পর থেকেই শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি দেখছেন এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এখন পর্যন্ত কোনো আশ্বাস পাননি।

তিনি বলেন, ‘আমি পরদিনই যোগদান করেছি। আর পূর্বের অধ্যক্ষও নতুন কর্মস্থলে যোগদান করেছেন। শিক্ষার্থীরা আন্দোলন করছে। আমরাও সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছি। সে রকম কোনো আশ্বাস পাইনি। ক্যাম্পাসে ঢুকতে না পারলেও এর আশপাশে আছি। সব খবর নিচ্ছি।’

শিক্ষার্থীদের শাটডাউন ও প্রশাসনিক ভবনে তালা দেওয়ার কর্মসূচির মধ্যে কলেজের স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম কীভাবে এগোবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর