জৈন্তাপুরে শিক্ষকদের নিরাপত্তায় ‘শিক্ষক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ PM

জৈন্তাপুরে শিক্ষকদের নিরাপত্তায় ‘শিক্ষক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ০৩:১১:০৩ PM

জৈন্তাপুরে শিক্ষকদের নিরাপত্তায় ‘শিক্ষক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি


শিক্ষকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ‘শিক্ষক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানিয়েছেন সিলেটের জৈন্তাপুরের শিক্ষক নেতৃবৃন্দ। সোমবার বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভায় এ দাবি ওঠে।

“শিক্ষকের পাশে দাঁড়ানো, শিক্ষকতা পেশার সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম। উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ।

বক্তারা বলেন, শিক্ষকদের দায়িত্ব কেবল শ্রেণিকক্ষে পাঠদানেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও মূল্যবোধের শিক্ষা দেওয়ার মাধ্যমে তারা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের অবদান অপরিসীম।

সভায় শিক্ষক নেতৃবৃন্দের বক্তব্যে শিক্ষকদের কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পায়। তারা বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে অনেক শিক্ষক বিভিন্ন সময়ে হয়রানি, হুমকি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন। এতে শিক্ষকদের স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হয়। তাই শুধু শিক্ষকদের নয়, তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাও প্রয়োজন।

শিক্ষক নেতৃবৃন্দ আরও বলেন, পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে একটি কার্যকর এবং যুগোপযোগী ‘শিক্ষক সুরক্ষা আইন’ প্রণয়ন করা জরুরি। এ ধরনের আইন বাস্তবায়িত হলে শিক্ষকরা আরও নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে দায়িত্ব পালন করতে পারবেন।

একই সঙ্গে শিক্ষকদের যথাযথ মর্যাদা, পেশাগত নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে বক্তব্য দেন ৪ নম্বর দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, মেডিক্যাল অফিসার ডা. নিলয় মালাকার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শরীফ উদ্দিন লিটু এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ শিক্ষক নেতৃবৃন্দ।

এ ছাড়া উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জৈন্তাপুর দারুস সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল ফয়জুর রহমান চৌধুরী, অনলাইন রিপোর্টার ক্লাবের সভাপতি শাহেদুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর