সিলেটে সড়ক দুর্ঘটনায় সেপ্টেম্বরে নিহত ২৬, আগস্টে ছিলেন ৪৭
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০০ PM

সিলেটে সড়ক দুর্ঘটনায় সেপ্টেম্বরে নিহত ২৬, আগস্টে ছিলেন ৪৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ০৫:৫৪:১৮ PM

সিলেটে সড়ক দুর্ঘটনায় সেপ্টেম্বরে নিহত ২৬, আগস্টে ছিলেন ৪৭


আগস্টের তুলনায় সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমেছে। সেপ্টেম্বরে বিভাগজুড়ে ২৬টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৫১ জন আহত হয়েছেন। বিপরীতে আগস্টে ৩৫টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৪৭ জন, আহত হন ১২২ জন।

রোববার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত মাসিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে নিহতদের মধ্যে ১১ জনই সিএনজি ও টমটমের চালক ও আরোহী। জেলাভিত্তিক হিসাবে ওই মাসে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মৌলভীবাজারে, আর সবচেয়ে কম সুনামগঞ্জে।

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে সিলেট জেলায় আটটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে চারটি দুর্ঘটনায় নিহত হয়েছেন দুজন, আহত ২৩ জন। মৌলভীবাজারে নয়টি দুর্ঘটনায় ১১ জন নিহত ও আটজন আহত হয়েছেন। আর হবিগঞ্জে পাঁচটি দুর্ঘটনায় ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

নিহতদের যানবাহনভিত্তিক তথ্যেও উঠে এসেছে সড়ক নিরাপত্তার নানা ঝুঁকি। প্রতিবেদনে বলা হয়, নয়টি দুর্ঘটনায় ১০ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ১০টি দুর্ঘটনায় ১১ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ১০টি দুর্ঘটনায় ১০ জন চালক এবং দুটি দুর্ঘটনায় দুজন পথচারী নিহত হয়েছেন।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যাওয়ার আটটি ঘটনায় ছয়জন, মুখোমুখি সংঘর্ষের আটটি ঘটনায় নয়জন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সংঘর্ষের একটি ঘটনায় একজন নিহত হয়েছেন। সেপ্টেম্বরে নিহত ২৬ জনের মধ্যে ২২ জন পুরুষ, দুইজন নারী ও দুইজন শিশু রয়েছেন।

নিসচার প্রতিবেদনে সেপ্টেম্বরের দুর্ঘটনার পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যানবাহনের মহাসড়কে চলাচল, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের সচেতনতার অভাব এবং সড়কের নির্মাণত্রুটি।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলার সভাপতি জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা এবং নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে বিভাগীয় কমিটি প্রতিবেদনটি তৈরি করেছে।

আগস্টের তুলনায় সেপ্টেম্বরের পরিসংখ্যানে দুর্ঘটনা, নিহত ও আহত তিন ক্ষেত্রেই কমতির চিত্র পাওয়া গেছে। আগস্টে ৩৫টি সড়ক দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ১২২ জন আহত হয়েছিলেন; সেপ্টেম্বরে দুর্ঘটনা নেমে এসেছে ২৬টিতে, নিহত ২৬ এবং আহত ৫১ জনে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর