কমলগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ PM

কমলগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ০৪:৫৬:৩৭ PM

কমলগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা


মৌলভীবাজারের কমলগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির দায়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। রোববার উপজেলার শমশেরনগর বাজারের লামাবাজার, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রেতা প্রতিষ্ঠানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল।

অভিযানে লামাবাজারের ওম ট্রেডার্সকে ৩ হাজার টাকা এবং স্টেশন রোডের চৌধুরী ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে সায়েম হার্ডওয়্যারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে তিন প্রতিষ্ঠানের কাছ থেকেই জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানের সময় ব্যবসায়ীদের এলপিজি সিলিন্ডারের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে রাখার পাশাপাশি ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি না করা এবং অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, জনসচেতনতা তৈরিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর