সিলেটে হামের উপসর্গে হাসপাতালে ৬৬১ রোগী ভর্তি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১৮ PM

সিলেটে হামের উপসর্গে হাসপাতালে ৬৬১ রোগী ভর্তি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৬ ০২:৫৯:৫৯ PM

সিলেটে হামের উপসর্গে হাসপাতালে ৬৬১ রোগী ভর্তি


সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তির অব্যাহত রয়েছে। প্রতিদিন নতুন রোগী ভর্তি হওয়ায় বিভাগের বিভিন্ন হাসপাতালে বাড়ছে চিকিৎসাসেবার চাপ। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৬৬১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৭২ জন ভর্তি রয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

শনিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে হামের উপসর্গ নিয়ে ১৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৪ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬৬১ জনের মধ্যে সিলেট জেলায় রয়েছেন ৫৩৯ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭২ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়া কোম্পানীগঞ্জ, বিশ্বনাথ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন।

জেলা পর্যায়ে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৬ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

নিশ্চিত হামে আক্রান্ত ১ হাজার ৮১ 
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জন। এর মধ্যে সিলেটে ৪০৮ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন আক্রান্ত হয়েছেন।

তবে ৩ অক্টোবর নতুন করে কোনো নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়নি বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে জানানো হয়েছে।

হামে ও উপসর্গে মৃত্যু ১৮২
এদিকে হামের উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত রোগী মিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত ১৮২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে সন্দেহজনক হামের রোগী হিসেবে ১৭২ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে ১০ জনের মৃত্যু হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৭৩ জন, সুনামগঞ্জে ৬৬ জন, হবিগঞ্জে ২৮ জন এবং মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে।

নতুন করে মৃত্যুর তথ্য না থাকলেও হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৩৭২ জন রোগী চিকিৎসাধীন থাকায় হাসপাতালটির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর