সিলেটে একাধিক মামলার পলাতক আসামি হিসেবে পরিচিত রাজু ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে শাহপরাণ থানার টিকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। পুলিশ বলছে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এয়ারপোর্ট থানাপুলিশ টিকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তির একাধিক নাম রয়েছে। তিনি কখনো রাজু আহমদ মুরাদ, কখনো মুরাদ আহমদ রাজু, কখনো মুরাদ হোসেন এবং কখনো কেবল মো. মুরাদ (৩৬) নামে পরিচিত। তিনি খাদিমপাড়া ইউনিয়নের টিকরপাড়া এলাকার মো. লাল মিয়া ভান্ডারি ও মৃত ছালেহা বেগমের ছেলে।
পুলিশ জানায়, শাহপরাণ থানায় ২০২৪ সালে দায়ের করা একটি মামলার (১৫/৩০/১২/২০২৪) তদন্তেপ্রাপ্ত আসামি রাজু। এর পাশাপাশি দক্ষিণ সুরমা থানায় দায়ের করা জিআর ৬১/২০১৫ মামলাতেও তিনি আসামি।
এ ছাড়া ২০১৫ সালের ১২ এপ্রিল দক্ষিণ সুরমা থানায় দায়ের করা একটি মামলায় (নং ৮) রাজুর যাবজ্জীবন দণ্ড হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই মামলায় তিনি পলাতক আসামি।
পুলিশের ভাষ্য, বিভিন্ন থানায় দায়ের করা আরও অন্তত ৩ থেকে ৪টি মামলার পলাতক আসামি তিনি।
গ্রেপ্তারের পর রাজুকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।
আজকের সিলেট/ জেকেএস









