হবিগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ করেছে হবিগঞ্জ ৫৫ বিজিবি। চারটি বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। সোমবার সকাল ১১টার দিকে এক বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য নিশ্চিত করে হবিগঞ্জ ৫৫ বিজিবি।
বিজিবি জানায়, চুনারুঘাট উপজেলার আমু চা-বাগান এলাকায় অভিযান চালায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ চিমটিবিল বিওপির একটি টহলদল। সীমান্ত পিলার ১৯৭৩/এম থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু জব্দ করা হয়। এসব গরুর আনুমানিক মূল্য ছয় লক্ষ ত্রিশ হাজার টাকা।
অন্যদিকে, চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তসংলগ্ন কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ জব্দ করে কালেঙ্গা ও তেলিয়াপাড়া বিওপির টহলদল। কৃষ্ণছড়া, ১৭ নং চা-বাগান ও বনগাঁও এলাকায় পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় মোট ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দ করা মদের আনুমানিক মূল্য নিরানব্বই হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদক ও গরু বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন- দেশের অর্থনীতি ও জননিরাপত্তা সুরক্ষায় সীমান্ত দিয়ে চোরাচালান এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/বিএন/ জেকেএস
হবিগঞ্জ প্রতিনিধি 








